গ্রাহকের ২০ লাখ টাকা নিয়ে এনজিও লাপাত্তা

খাদেমুল ইসলাম মামুন, ঘাটাইল প্রতিনিধি- টাঙ্গাইলের ঘাটাইলে ঋণ দেয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে গ্রামীণ দুঃস্থ সমাজ উন্নয়ন কেন্দ্র নামে একটি এনজিও সংস্থা।

 

এখন তাদের অফিসের দরজায় ঝুলছে তালা। ৫০ হাজার টাকা ঋণ পেতে পাঁচ হাজার ও এক লাখ টাকা ঋণ পেতে ১০ হাজার টাকা জামানত রাখার কথা বলে এলাকার প্রায় ২০০ গ্রাহকের কাছ থেকে এ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে তারা।

 

সূত্রে জানা গেছে, উপজেলার সাগরদিঘী ব্যাপারিপাড়া এলাকার আজিবর মিয়ার বাসাবাড়ি ভাড়া নিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সদস্য সংগ্রহ ও লোন কার্যক্রম শুরু করে সংস্থাটি। এতে লোন দেয়ার নাম করে জামানতের প্রায় ২০ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে সংস্থাটির প্রতিষ্ঠাতা পরিচালক মানসুর আলী। বর্তমানে গ্রাহকরা অফিসের সামনে ভিড় করে আছেন।

 

ভুক্তভোগীরা বলছেন, আমাদেরকে কম সুদে লোন দেয়ার নামে জামানতের জন প্রতি কেন্দ্র থেকে দুই থেকে তিন লক্ষ টাকা সংগ্রহ করে। রবিবার (০৬ ডিসেম্বর) লোন পাশ হওয়ার কথা থাকলেও গত শনিবার (০৫ ডিসেম্বর) সকালে কালেকশনের জন্য বের হলে আর ফিরে আসেনি। পরে মানসুর আলীর মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে মোবাইল বন্ধ দেখায়।

 

ভুক্তভোগী খোদেজা আক্তার বলেন, আমার কাছ থেকে ১০ হাজার টাকা জামানত নিয়ে এক লাখ টাকা লোন দেয়ার কথা ছিল। আমি কর্জ দেনা করে টাকা দিয়েছি। এখন শুনতেছি তারা পালিয়েছে।

 

উপজেলা সমাজসেবা অফিসার আসাদুল ইসলাম বলেন, সংস্থাটি আমাদের নিবন্ধনভুক্ত। বিষয়টি আমি শুনেছি কিন্তু কোন লিখিত অভিযোগ পাইনি। তবে প্রাথমিকভাবে থানায় সাধারণ ডাইরি করার পরামর্শ দেন তিনি।

 

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার জানান, এ সংক্রান্ত কোন অভিযোগ এখনো পাইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *