Home দেশের খবর বগুড়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ

বগুড়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ

0
96

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে উপজেলার সুঘাট ইউনিয়নের আঞ্চলিক সড়কের সরকারি রাস্তার বেশ কিছু গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য রঞ্জু খা’র বিরুদ্ধে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার সুঘাট ইউনিয়নের বেলগাছী গ্রামের তুলা খা’র ছেলে স্থানীয় ১নং ওয়ার্ডের মেম্বার রঞ্জু খা সকাল থেকে দুপুর পর্যন্ত বেলগাছী আঞ্চলিক সড়কের বেলগাছী কবরস্থান এলাকার ১৬টি ইউক্যালিপটাস/আকাশমনির গাছ কেটে বিক্রয় করে।

 

সরকারি রাস্তার গাছ কেটে বিক্রয় করার ব্যাপারে অভিযুক্ত রঞ্জু খা জনান, আমরা গাছ লাগিয়েছি এটা আমাদের জায়গা। তাই আমরা গাছ কেটে বিক্রয় করেছি।

 

নাম প্রকাশ না করার শর্তে, উপজেলার সুঘাট ইউনিয়নের বেলগাছী গ্রামের অনেকে বলেন, “সরকারি ও দেশের সম্পদ জনপ্রতিনিধি রক্ষা করবে কিন্তু তা না করে তারাই উল্টো ভক্ষণ করছে। আমরা চাই পরিবেশের ভারসাম্য রক্ষা হোক এবং গাছ যারা কেটেছে তাদের দ্রুত শাস্তি দেওয়া হোক। শাস্তি দেখে আর যেন কেউ এরকম কাজ করার সাহস না পায়।”

 

শেরপুর উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা (ফরেস্টার) আব্দুর রহিম বলেন, গাছগুলি আমাদের নয়। তবে রাস্তার গাছ। আর, তারা এভাবে গাছ কাটতে পারেনা।

 

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবরিনা শারমিন জানান, খবর পেয়ে চেয়ারম্যানকে বলা হয়েছে গাছগুলো যেন সরাতে না পারে।

 

এ ব্যাপারে জানতে চাইলে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ জানান, গাছ কাটার সত্যতা পেয়েছি। তবে ওই গাছগুলি রাস্তার কিনা তা নিশ্চিত হওয়ার পর গাছ সরানোর জন্য বলা হয়েছে। যদি গাছগুলো সরকারি হয়ে থাকে তাহলে অন্য কেউ নিতে পারবেনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here