‘বাংলাদেশ থেকে হেফাজতের মৌলবাদী রাজনীতি নিষিদ্ধ করতে হবে’

নজর২৪ ডেস্ক- বঙ্গবন্ধু ও সংবিধান অবমাননার অভিযোগে হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী এবং যুগ্ম মহাসচিব মামুনুল হকের গ্রেপ্তার দাবিতে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে মানববন্ধন করবে সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবীদের ৬০টি সংগঠন।

 

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে মঙ্গলবার বিকালে এই কর্মসূচি শুরু হবে।

 

নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির গণমাধ্যমকে বলেন, “এই মানববন্ধন ও সমাবেশের মূল দাবি হচ্ছে- অবিলম্বে জাতির পিতা এবং বাংলাদেশের সংবিধান অবমাননাকারী হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী ও নতুন যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি বাংলাদেশ থেকে জামায়াত-হেফাজতের মৌলবাদী ও সাম্প্রদায়িক, সন্ত্রাসী রাজনীতি নিষিদ্ধ করতে হবে।”

 

এসময় তিনি বলেন, “মুজিববর্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং সংবিধানের বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী, মৌলবাদী, সাম্প্রদায়িক অপশক্তির ধৃষ্টতাপূর্ণ হুমকির প্রতিবাদে স্বাধীনতা চত্বর (সোহরাওয়ার্দী উদ্যান) ঘিরে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

“মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, ধর্মীয়, জাতিগত, শিশু, কিশোর, ছাত্র, যুব, নারী সংগঠন এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে শহীদদের পরিবারের ৬০টি সংগঠন এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেবে।”

 

ঢাকায় মৎস্য ভবন থেকে শুরু করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, শাহবাগ ও টিএসসি হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে এই কর্মসূচি হবে। একই সময়ে সারা দেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *