বিদ্যালয়ে জিয়াউর রহমানের নাম পুনর্বহালের দাবিতে রাজপথে জবি ছাত্রদল

নজর২৪, ঢাকা- রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের’ নাম ‘পুরান মোগলটুলী উচ্চ বিদ্যালয়’ করার প্রতিবাদে ও জিয়াউর রহমানের নাম পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

 

আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) পুরান ঢাকার রায় সাহেব বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদল নেতারা বলেন, এলাকাবাসীর মিথ্যে দোহাই দিয়ে সিটি করপোরেশন থেকে বিদ্যালয়টির নাম পরিবর্তন করেছে। বিদ্যালয় থেকে নাম পরিবর্তন করলেই জিয়াউর রহমানের নাম মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না।

 

অবিলম্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম পুনর্বহাল করতে হবে। না হলে ছাত্রদল রাজপথে কঠোর আন্দোলনে যাবে।’

 

এসময় বিক্ষোভ মিছিলে জবি শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এর আগে গত ২৯ নভেম্বর স্কুলটির নতুন নামকরণ মোগলটুলী উচ্চ বিদ্যালয় করার কারণে ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতাকর্মীরা বিএনপি নেতা ইশরাক হোসেনে নেতৃত্বে স্কুলের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। পরে নেতাকর্মীরা মিলে পরিবর্তিত নামফলক কালো কালি দিয়ে মুছে দেন।

 

জানা গেছে, ২০০৬ সালে ঢাকা সিটি করপোরেশনের তৎকালীন মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা করপোরেশনের উদ্যোগে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন এবং একই বছর ২৫ মার্চ উদ্বোধন করেছিলেন।

 

ইশরাক বলেন, আমার বাবা অবিভক্ত ঢাকার শেষ মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকা ২০০৬ সালের ২৫ মার্চ জিয়াউর রহমানের নামে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে সম্প্রতি বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মোগলটুলি উচ্চ বিদ্যালয় করা হয়েছে। এলাকাবাসী বা কারও চাহিদা না থাকলেও সিটি কর্পোরেশন থেকে বিদ্যালয়টির নাম পরিবর্তন করায় ক্ষোভ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *