নজর২৪, ঢাকা- এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় তিনি নিজেই এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. শফিকুর রহমান স্ট্যাটাসে লিখেছেন, আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর একান্ত ইচ্ছায় আমার কভিড-১৯ পজেটিভ। গত ৮ দিন ধরে শরীরে সামান্য পরিবর্তন লক্ষ্য করছিলাম। গতকাল কভিড-১৯ টেস্টের জন্য সেম্পল দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আজ টেস্টের রেজাল্ট পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার ইচ্ছায় তা পজেটিভ এসেছে।
তিনি লিখেন, আল্লাহ তায়ালার কাছে আরজ করি, এটি যেন আমার গুনাহ-খাতা থেকে ক্ষমা পাওয়ার উসিলা হয়। আপনাদের সকলের কাছে দোয়া চাই। আল্লাহ তায়ালা আপনাদের সবাইকে হেফাজতে রাখুন।
ডা. শফিকুর রহমানের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ছাত্র জীবনে ইসলামী ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।
পরে ১৯৮৫ সালে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য হন। তিনি ১৯৮৬ সাল থেকে ৮৮ সাল পর্যন্ত সিলেট জেলা শাখা সেক্রেটারি ও ১৯৮৯ থেকে ৯১ পর্যন্ত সিলেট জেলার নায়েবে আমির এবং ১৯৯১ থেকে ৯৮ সাল পর্যন্ত সিলেট জেলা আমির, ১৯৯৮ থেকে ২০০৭ সাল পর্যন্ত সিলেট মহানগরী আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৮ সালে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনোনীত হন।
২০১০ সাল থেকে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, ২০১১ সাল থেকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ২০১১ সালের সেপ্টেম্বর মাস থেকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও ২০১৭ সাল থেকে সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছিলেন। সর্বশেষ গত বছরের নভেম্বরে সংগঠনের সদস্যগণের (রুকন) প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হয়েছেন তিনি।
