নজর২৪, চট্রগ্রাম- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতাকারী হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে যুবলীগের সঙ্গে ‘খেলায়’ নামার চ্যালেঞ্জ দিয়েছেন সাংসদ মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী।
চট্টগ্রাম নগরের পুরোনো রেলস্টেশনে যুবলীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে আজ সোমবার দুপুরে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সাংসদ মুজিবর রহমান চৌধুরী বলেন, ‘দেখতে পেলাম একজন মামুনুল হক মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করে চ্যালেঞ্জ করছেন। শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করছেন। মাথায় কি বুদ্ধি কম? শেখ হাসিনা তো অনেক ওপরের বিষয়। সারা দেশে যুবলীগের সঙ্গে লড়ে দেখেন। আসেন, দেখেন, খেলা হবে।’
কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক বদিউল আলমকে গণসংবর্ধনা দিতে যুবলীগ চট্টগ্রাম মহানগরের উত্তর ও দক্ষিণ জেলা শাখা এ আয়োজন করে। এতে যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সাংসদ মুজিবর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে নিক্সন চৌধুরী বলেন, ‘যুবলীগের সঙ্গে এক মিনিট লড়াই করার ক্ষমতা নেই। ফাপরবাজি করবেন না।’
মামুনুল হককে উদ্দেশ্য করে নিক্সন চৌধুরী বলেন, ‘কোন দেশের টাকা খেয়ে হঠাৎ করে চাঙা হয়েছেন? দালালি ছেড়ে দেন। এটা স্বাধীন বাংলাদেশ।’ তিনি আরও বলেন, ‘যদি সাহস থাকে মাঠে আসেন, খেলা হবে। আমাদের মাথা থেকে পা পর্যন্ত কলিজা। যুবলীগ মাঠে নামলে এক সেকেন্ডও দাঁড়াতে পারবেন না।’
নিক্সন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতীকী কিছু নয়। বঙ্গবন্ধুর সাথে মুক্তিযুদ্ধের চেতনা, দেশের স্বাধীনতার বিষয় জড়িত। দেশের কোটি কোটি মানুষের আবেগ-ভালোবাসা মিশ্রিত। তবে যার বাবা মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার ছিল, সে বঙ্গবন্ধুর বিরোধীতা করবে- এটা অস্বাভাবিক কিছু নয়।
তিনি বলেন, ভাস্কর্য এবং মূর্তির প্রভেদ যারা বুঝে না তাদের জ্ঞানের সীমাবদ্ধতা আমরা জানি। ভাস্কর্যকে ইস্যু বানিয়ে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেন? উনার পর্যন্ত যেতে হাজার বছর লাগবে। আসেন আগে যুবলীগের সামনে। সারাবাংলায় আপনারা যুবলীগকেও মোকাবিলা করার যোগ্যতা রাখেন না।
