Home প্রধান খবর প্রেমিক হাসান আজাদকেই বিয়ে করলেন অভিনেত্রী স্বাগতা

প্রেমিক হাসান আজাদকেই বিয়ে করলেন অভিনেত্রী স্বাগতা

0
4

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা বিয়ে করেছেন। এর আগে গত বছরের ডিসেম্বরে বিয়ের ঘোষণা দিয়েছিলেন। এবার কথা অনুযায়ী শুভ কাজটি সেরে নিলেন এ তারকা।

বুধবার (২৪ জানুয়ারি) প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিয়ে হয় তার। ওইদিন রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদে বিয়ে সম্পন্ন হয় তাদের। দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন বিয়ের সময়।

বিয়ের বিষয়টি পরদিন বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক পোস্টে নিশ্চিত করেন স্বাগতা। সোশ্যালে বিয়ের সাজে ছবি পোস্ট করেন। এতে স্বামী হাসান আজাদকে সাদা পায়জামা-পাঞ্জাবিতে দেখা যায়। আর অভিনেত্রীর পরনে ছিল লাল শাড়ি।

স্বাগতা ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। হাসান আজাদের সঙ্গে বিয়ে সম্পন্ন।’ এরপরই জীবনের বিশেষ দিনটির তারিখ উল্লেখ করেন। লেখেন, ‘২৪ জানুয়ারি, ২০২৪।’

অভিনেত্রীর বর হাসান আজাদ পেশায় একজন ব্যবসায়ী। পাশাপাশি গানও করেন। তারা দু’জন একসঙ্গে কয়েকটি গানও প্রকাশ করেছেন এর আগে।

এ তারকা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিয়েতে তার উকিল বাবা হিসেবে ছিলেন কবি মুহম্মদ নূরুল হুদা। এ কবি তাদের পরিবারের খুব কাছের মানুষ। তার মতো মানুষকে অভিভাবক হিসেবে পাওয়ায় খুশি স্বাগতা।

এছাড়া পাত্র সম্পর্কে তিনি বলেন, একদিন রাজধানীর ঢাকার একটি ক্লাবে পরিচয় হয় লন্ডনপ্রবাসী তার (স্বামী হাসান আজাদ) সঙ্গে। ওর জন্ম, বেড়ে উঠা ও পড়ালেখা যুক্তরাজ্যে। সেও গান করেন। কিছুদিন দু’জন পথচলার পর তাকে জীবনসঙ্গী করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন বলে জানান স্বাগতা।

প্রসঙ্গত, এর আগে প্রায় সাত বছর প্রেমের পর চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেছিলেন স্বাগতা। ছয় বছর সংসারের পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এরপর বছরখানেক একা থাকার পর সিদ্ধান্ত নেন, আবারও সংসারী হবেন। তারই অংশ হিসেবে এবার বিয়ে করলেন এই অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here