মাস খানেক আগে বিয়ে করেছেন ছোটপর্দার সুপরিচিত অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। সেই খবর প্রকাশ করেছেন দুদিন হলো। জনপ্রিয় এই অভিনেত্রী বিয়ে করেছেন তার সহশিল্পী অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানকে। তার আগে এ জুটি প্রেমের সম্পর্কে ছিলেন।
রবিবার রাতে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানান অর্ষা নিজেই। বিয়ের প্রসঙ্গে তিনি বলেন, প্রায় একবছর আগে বিয়ের কথা চলে, কিন্তু মা অসুস্থ হওয়ার কারণে পিছিয়ে যায়। মা একটু সুস্থ হওয়ার পর আমরা বিয়ে করি।
স্বামী ইমরানের সঙ্গে জঙ্গলে তোলা কয়েকটি ছবি সম্প্রতি ফেসবুকে পোস্ট করে বিয়ের খবর জানান অর্ষা। যদিও ওটা জঙ্গল নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল বলে জানান অভিনেত্রী।
অর্ষা বলেন, ‘বিয়েটা হয়েছে আমাদের মোহাম্মদপুরের বাসায়। ছবিগুলো বিয়ের পরদিন তোলা। বিয়ের দিন অত্যন্ত সাদামাটাভাবে সব হয়েছে, ছবিও তোলা হয়নি সেদিন। পরদিন আমার বোনেরা বলল, কিছু ছবি তুলে রাখা উচিত। তাদের সিদ্ধান্তেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছবিগুলো তোলা।’
অর্ষা ও মোস্তাফিজুর নূর ইমরান জুটি বেঁধে অভিনয় করেছেন ‘সাহস’ সিনেমায়। এছাড়া ‘জাহান’ ওয়েব সিরিজেও একসাথে অভিনয় করেছেন তারা।
অর্ষা শোবিজে অভিনয় করছেন অনেক বছর ধরে। গত বছর তার অভিনীত মুক্তিযুদ্ধের সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’ মুক্তি পায়।
‘একাত্তর করতলে ছিন্নমাথা’ নামে নতুন একটি সিনেমায় সর্বশেষ অভিনয় করেছেন অর্ষা। গল্পটি প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এর স্মৃতিকথামূলক গ্রন্থ থেকে নেওয়া।
১৫ বছরের ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়া তিনি ওয়েব সিরিজেও সরব। ‘নেটওয়ার্কের বাইরে’ নামে দর্শকপ্রিয় ওয়েবসিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।
অন্যদিকে, মোস্তাফিজুর নূর ইমরান আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’ এ অভিনয় করে প্রশংসিত হয়েছেন।
