জায়েদ খানের ডিগবাজিকে ‘বাদুড় নাচ’ বললেন সোহেল রানা

নানা কর্মকাণ্ডে আলোচিত হন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। কখনো বেসুরো গলায় গান, নারীদের নিয়ে বক্তব্য, কখনো আবার ডিগবাজি কাণ্ড, যাই করেন না কেনো জায়েদ খান মানেই যেন ‘ভাইরাল’।

তবে সম্প্রতি সময়ে এই অভিনেতা বেশি আলোচিত হয়েছেন ‘ডিগবাজি’ কাণ্ডে। একাধিক অনুষ্ঠানে ও প্রচারণায় ডিগবাজি দিতে দেখা গেছে তাকে। জায়েদও জানিয়েছেন, এটিই হতে যাচ্ছে তার সিগনেচার স্টাইল।

তবে তার এসব কাণ্ডে বিরক্ত বরেণ্য অভিনেতা সোহেল রানা। বিষয়টি সামনে এনে তিনি বলেন, জায়েদ খানকে নিয়ে এখন আর কথা বলতে চাই না। কারণ এখন সে আর এটার উপযুক্ত না। আমি তাকে নিয়ে যা বলতাম এখন আর সে উপযুক্ততায় নেই। তাকে নিয়ে কথা বলে আমার সময় নষ্ট করতে চাই না।

দুই দুইবার শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন জায়েদ খান। শিল্পীদের সুখে-দুঃখে সর্বদা পাওয়া গিয়েছে তাকে। সেই জায়েদ খানের এমন কর্মকাণ্ড মেনে নিতে পারছেন না সোহেল রানা।

কিছুটা আক্ষেপ প্রকাশ করে এই নায়ক আরও বলেন, ও (জায়েদ খান) যে বিভিন্ন সময় বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেছে, এটাতে আমাদের অনেক খারাপ লাগে। কখনো ওর সঙ্গে দেখা হলে আমি বলবো, তুমি এটা আর বলো না। এটা এজন্য, আজ থেকে ৫৪ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে বের হয়েছি আমি। আমরা যখন ঢাবি থেকে বের হতাম তখন আমাদেরকে সবাই সম্মান করতো। আর তুমি (জায়েদ খান) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে মেয়েদের সামনে ডিগবাজি মারছো। নাচ করলে গোবিন্দার মতো নাচো, আমি তোমাকে অনার করবো। কিন্তু এটা তুমি কি করছো?

এক ভিডিও সাক্ষাৎকারে তিনি জায়েদের ডিগবাজি নিয়ে প্রশ্ন তুলেন, সে যেটা করে এটাকে ডিগবাজি বলে? এরপর সোহেল রানা তার এই কর্মকাণ্ডকে বাদুড় নাচ আখ্যা দিয়ে বলেন, এগুলো তো ডিগবাজি না। ডিগবাজি এরকম হয় না।

সবশেষে সোহেল রানাকে প্রশ্ন করা হয়, বড় ভাই হিসেবে জায়েদ খানকে কি পরামর্শ দিবেন, এমন প্রশ্নে সোহেল রানা বলেন, আমি ওর বড় ভাই না। আমি তাকে কোনো পরামর্শ দিতে চাই না। সে ছোট ভাইয়ের সে উপযুক্ততা রাখেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *