সাকিবের ইনজুরি নিয়ে মানুষের উচ্ছ্বাসে মাশরাফির ক্ষোভ

বৃহস্পতিবার অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এই কারণে শুক্রবার বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলেননি তিনি।

ইনজুরিতে পা অনেকটাই ফুলে গেছে। বিসিবি অবশ্য ইনজুরি নিয়ে এখনও কিছুই জানায়নি। তবে তার জায়গায় শ্রীলঙ্কার বিপক্ষে টস করেছেন মেহেদী হাসান মিরাজ। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সাকিবকে ছাড়াই দল জিতেছে দাপটের সঙ্গে।

তবে এদিন সাকিবের ইনজুরির খবরে নেতিবাচক প্রতিক্রিয়াই বেশি দেখা গিয়েছিল সামজিক যোগাযোগমাধ্যমে। পূর্ণ ফিট স্কোয়াড চাইতে তামিমকে ছাড়াই বিশ্বকাপে গিয়েছে বাংলাদেশ। এবার সেই একই অজুহাতে সাকিবকে নিয়েও হচ্ছে আলোচনা।

তবে এমন আলোচনায় বেশ বিরক্তিই প্রকাশ করেছেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সাকিবের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। একইসঙ্গে তাকে নিয়ে এমন নেতিবাচক আলোচনারও সমালোচনা করেছেন তিনি।

নিজের ফেসবুকে মাশরাফি লিখেছেন, সাকিবের ইনজুরি ছিল, তাই আজ খেলতে পারেনি। দোয়া করি, সে দ্রুত সুস্থ হয়ে উঠুক। কিন্তু অনেকেই দেখলাম লিখছে বা বলছে, তার যেহেতু ইনজুরি, তাহলে কী সে খেলবে নাকি বসে থাকবে! আবার অনেকে লিখছেন, তার যেহেতু ইনজুরি, তাহলে দল থেকে বের করে দেওয়া উচিত…. এটা কি কোনো কথা হলো? এ কী অসুস্থতা…! এ কোন প্রজন্মকে দেখছি আমরা, কোন চিন্তা নিয়ে তারা বড় হচ্ছে? মনে এত হিংসার চাষ করে তারা নিজেদের জীবনেই বা কী অর্জন করবে…!’

মাশরাফি ভক্ত-সমর্থকদের প্রতি বিশ্বকাপ দলের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এটা কী কোনো একজনের দল, নাকি আমাদের দেশের দল? শুধু সাকিব নয়, ওরা সবাই আমাদের দেশের প্রতিনিধি। আমাদের বিশ্বকাপ স্বপ্নের ধারক ওরা। কারো প্রিয় ক্রিকেটার থাকবে না, কারো প্রিয় ক্রিকেটার হয়তো প্রত্যাশামতো পারফর্ম করবে না। কিন্তু দলটা তো আমাদের সবার। এটাই মনে রাখা উচিত…। বিশ্বকাপে দলের পাশে থাকা আর ওদেরকে বিশ্বাস জোগানো এখন সবচেয়ে জরুরি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *