প্রথমবার ঢাকার লোকাল সিনেমায় কাজ করছেন কলকাতার নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ছবির নাম ‘ছায়াবাজ’। তাজু কামরুলের পরিচালনায় তার বিপরীতে নায়ক জায়েদ খান। আনন্দচিত্তে বাংলাদেশে এসে শুটিংয়েও নামেন। কিন্তু মাঝপথে হঠাৎ ফিরে যান নায়িকা। এ নিয়ে গত কয়েক দিন ধরে ঢালিপাড়ায় নানামুখী চর্চা হচ্ছে।
শুটিং ফেলে সায়ন্তিকার চলে যাওয়ার বিষয়ে মুখ খুলতে নারাজ ছবির নির্মাতা। তবে জানা গেছে, নৃত্য পরিচালক মাইকেলকে ঘিরে নায়িকা চটেছেন। এ বিষয়ে মাইকেল এবং ছবির প্রযোজক মনিরুল ইসলাম নিজ নিজ বক্তব্য পেশ করেছেন।
তারা জানান, দ্বিতীয় গানের শুটিংয়ের সময় সায়ন্তিকা অভিযোগ তোলেন, নৃত্য পরিচালক মাইকেল তার হাত ধরেছেন! তার সঙ্গে আর কাজ করতে রাজি নন বলে সাফ জানিয়ে দেন। অন্যদিকে প্রযোজকও অনড়, শুটিং হলে মাইকেলের কোরিওগ্রাফিতেই হবে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ত্যাগ করেন সায়ন্তিকা।
এমন পরিস্থিতিতে দেশে ফিরে ভারতীয় সংবাদমাধ্যমকে সায়ন্তিকা বলেন, ‘যদিও এখানে মাইকেলের নাম উঠছে, তবে গোড়ায় গণ্ডগোল। বলা যেতে পারে, নায়িকাকে হয়রানির শিকার হতে হয়েছে প্রযোজকের অব্যবস্থাপনার জন্য।’
সায়ন্তিকা বলেন, ‘প্রথমে অন্য মাস্টারজি এসেছিলেন নাচের দৃশ্য শুটিংয়ের জন্য। কিন্তু সেখানেও টাকাপয়সা নিয়ে সমস্যার জন্য তিনি চলে যান। তার পর মাইকেল নামক বাচ্চা ছেলেটি আসে।’
তিনি আরও বলেন, ‘আমি একজন পেশাদার শিল্পী। তাই এ রকম করার কথা ভাবতেই পারি না। মাইকেল আমার থেকে অনুমতি না নিয়েই হাত ধরে আমায় সরাতে গিয়েছিল। তখন আমি সবার সামনেই বাধা দিই।’
অভিনেত্রী বলেন, ‘মূল সমস্যার নেপথ্যে রয়েছেন ছবির প্রযোজক। বারবার আমি প্রযোজক মনিরুলের সঙ্গে কিছু টেকনিক্যাল সমস্যা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনো উত্তরই পাওয়া যায়নি। ওর কোনো পরিকল্পনা নেই। কোনো ব্যবস্থা নেই।’
তিনি আরও বলেন, ‘দুদিন ধরে কক্সবাজারে গিয়ে অপেক্ষা করেছি। শুটিং নিয়ে প্রযোজকের কোনো পরিকল্পনা ছিল না। হঠাৎই বলা হলো নাচের দৃশ্যের শুটিং করা হবে! তাই তখন বলেছিলাম, আমি এভাবে কাজ করব না মাইকেলের সঙ্গে।’
সায়ন্তিকার দাবি, এত কিছুর পরও প্রযোজক নাকি জানিয়েছিলেন মাইকেলকে নিয়েই কাজ করতে হবে।
ছবিটির কাজ শেষ করা নিয়ে সায়ন্তিকা বলেন, ‘তিনি যদি সঠিক পদ্ধতিতে কাজ করেন, তা হলে আমি নিশ্চয়ই ছবিটার কাজ শেষ করব। কিন্তু তার আগে আমায় চিত্রনাট্য, শট ডিভিশন পুঙ্খানুপুঙ্খ জানাতে হবে।’
‘ছায়াবাজ’ সিনেমার শুটিং সেরে কলকাতা ফিরে যাওয়ার আগে জায়েদের সঙ্গে আরও একটি সিনেমার সই করেছেন সায়ন্তিকা।
