সিনেমা নেই তবুও কেন আলোচনায়, প্রশ্ন শুনেই রেগে গেলেন জায়েদ খান

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। সিনেমায় তাকে নিয়মিত দেখা না গেলেও চলচ্চিত্র শিল্পী সমিতি এবং বিভিন্ন ইস্যুতে মন্তব্য করে প্রায়ই শিরোনামে জায়গা করে নেন তিনি। এ কারণে সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে অনেক সময় কটাক্ষের মুখেও পড়তে হয় তাকে। তবে কটাক্ষকে পাত্তা দেন না তিনি। আর মন্তব্যের জন্য বছরজুড়েই আলোচনায় থাকেন। এবার আলোচনায় থাকার কারণ জানতে চাওয়ায় অনেকটা রেগে গেলেন জায়েদ খান।

এক সপ্তাহের দুবাই সফর শেষে দেশে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন অভিনেতা। এরপর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিমানবন্দরে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, দিন দিন কীভাবে সুন্দর হচ্ছেন? জায়েদ খান জবাবে বলেন, আপনাদের দোয়া, ভালোবাসা ও পাঁচ ওয়াক্ত নামাজ।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে অভিনেতাকে প্রশ্ন করা হয়, আপনার তো সিনেমা নেই। এরপরও কীভাবে এত আলোচনায় থাকেন? এ প্রশ্নের জবাবে চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের সাবেক এই সাধারণ সম্পাদক বলেন, আমার সিনেমা নেই, কে বলেছে আপনাকে? ‘সোনার চর’ কি আপনি করেছেন?

এরপর ওই সাংবাদিক সংশোধন করে ফের বলেন, অনেক দিন হয় আপনার সিনেমা নেই…। আর তখন জায়েদ খান বলেন, হ্যাঁ, এটা বলতে পারেন। অনেক দিন হয় আমার সিনেমা মুক্তি পাচ্ছে না। ‘বাহাদুরী’র কাজ শেষ করেছি, ‘সোনার চর’র ডাবিং শেষ করলাম। সামনেই মুক্তি পাবে এগুলো। আর আপনারা আলোচনায় রাখেন বলে আমি আলোচনায় থাকি।

জায়েদ খান বলেন, ‘সোনার চর’ সিনেমা মুক্তিযুদ্ধ নিয়ে। সিনেমাটির একটি দৃশ্য করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। ডাবিংয়েও আবেগ ধরে রাখতে পারিনি। দৃশ্যটি ছিল- জাতির পিতা বঙ্গবন্ধুর ছবির সামনে দাঁড়িয়ে দেশ-স্বাধীনতা ও দেশের মানুষের কথা বলা।

তিনি আরও বলেন, ‘চরিত্রটি ফুটিয়ে তুলতে নিজেকে রীতিমতো ভেঙেছি। অনেক পরিশ্রমের ফসল সিনেমাটি। ‘সোনার চর’ সিনেমায় ভিন্ন এক জায়েদ খানকে দেখতে পাবেন দর্শক। আশা করছি, সিনেমাটি তাদের ভালো লাগবে।’

‘সোনার চর’, ‘বাহাদুরী’ ছাড়াও জায়েদ খানকে আগামীতে দেখা যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়। এতে টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *