একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আগামীকাল বুধবার (১৬ আগস্ট) গায়েবি জানাজার অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু এবং তৎপরবর্তীতে জামায়াতে ইসলামীর প্রতিক্রিয়া সংক্রান্ত বিষয় তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ডিএমপি কমিশনার বলেন, আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী সোমবার রাত ৮টা ৪০ মিনিটে মারা যান। তার মরদেহ নিয়ে জামায়াত-শিবির সোমবার রাতে তাণ্ডব চালিয়েছে। পুলিশের ওপর আক্রমণ করে। গাড়ি ভাঙচুর করে বেশ কয়েকজন সিনিয়র পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা করে। ফজরের নামাজের পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) দখল করে নেয়। ফেসবুকে লাইভ দিলো সবাই এখানে চলে আসো। পরে বাধ্য হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য সীমিত শক্তি প্রয়োগ করা হয়।
গোলাম ফারুক বলেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে পুলিশকে জানিয়েছে তারা তাদের বাবার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাবে এজন্য তাদের ওপর আমরা কোনো বল প্রয়োগ করেনি। কিন্তু ভোরে তারা তাণ্ডব চালিয়েছে। পুলিশের গাড়ি ভাঙচুর ও মোটসাইকেলে আগুন দিয়েছে। এর মাধ্যমে প্রতিয়মান হয় তারা তাদের চরিত্র পাল্টায়নি।
আগামীকাল ঢাকা গায়েবানা জানাজা আয়োজন করতে দেওয়া হবে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘ভোরে জামায়াত যে তাণ্ডব চালিয়েছে এরপর তাদের ঢাকায় জানাজা আয়োজন করতে দেওয়ার অনুমতি দেয়া হবে না।
