জনসাধারণের বিরক্তি ও শব্দদূষণ রোধে বিএনপিকে মাইকিং করা থেকে বিরত থাকতে বলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মাইকিং করতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার (১৫ জুলাই) ডিএমপির পক্ষ থেকে থেকে একথা বলা হয়।
সরকারের পদত্যাগের দাবিতে আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। এই কর্মসূচির প্রচারণার জন্য ১৬ ও ১৭ জুলাই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করার অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু। সেই আবেদনের বিষয়ে ডিএমপি থেকে মাইকিং করার বিষয়টি বিরত থাকতে বলা হয়েছে বিএনপিকে।
চিঠিতে জানানো হয়েছে, ১৫ জুলাই দাখিলকৃত আবেদন হতে দেখা যায় যে- আগামী ১৬ ও ১৭ জুলাই ঢাকা মহানগর দক্ষিণের ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করার বিষয়টি উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ ১৯৭৬-এর ৩১ বিধি অনুযায়ী মহানগরীর জনসাধারণের বিরক্তিসহ শব্দ দূষণ রোধকল্পে মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ জোরদার করার জন্য ব্যবহৃত যন্ত্র (মাইকিং) নিষিদ্ধ, সীমিত ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা ডিএমপি কমিশনারের রয়েছে।
এমতাবস্থায়, ওই বিধি অনুযায়ী জনসাধারণের বিরক্তিসহ শব্দদূষণ রোধকল্পে মাইকিং করা হতে বিরত থাকার জন্য বলা হলো।
