দীর্ঘ বিরতি ভেঙে গেল ঈদে ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে পর্দায় ফেরেন দাপুটে অভিনেতা মাহফুজ আহমেদ। এতে শবনম বুবলীর বিপরীতে অভিনয় করে আবারও নিজের অস্তিত্বের জানান দেন তিনি। ‘প্রহেলিকা’য় মাহফুজের অভিনয় ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে।
‘প্রহেলিকা’র পাশাপাশি এই ঈদে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং ছোটপর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা আফরান নিশো অভিনীত অভিষেক চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’সহ মোট পাঁচটি সিনেমা। সেখানে দুই তারকা শাকিব খান ও আফরান নিশোর সঙ্গে কি প্রতিযোগিতায় পেরে উঠছেন ‘প্রহেলিকা’র মাহফুজ আহমেদ?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনই প্রশ্নের মুখে পড়তে হয় ১৭ ছবির এই অভিনেতাকে। শাকিব-নিশোর সঙ্গে প্রতিযোগিতা নিয়ে কী জবাব দিলেন মাহফুজ আহমেদ? অভিনেতা বললেন, ‘আসলে শাকিব খান ও নিশো আমার প্রতিযোগী নয়, সহকর্মী ও ভাই। তবে সিনেমার সঙ্গে যেহেতু বাণিজ্যিক বিষয় জড়িত, তাই আয়-ব্যয়ের হিসাব নিকাশ হতেই পারে। ভালো লাগছে এই ভেবে যে, শাকিব খান ও নিশোর মত দুই জনপ্রিয় তারকার মাঝেও আমি দাঁড়িয়ে আছি।’
তিনি বলেন, ‘শাকিব খানের সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক। একজন মানুষ একাই বছরের পর বছর ধরে ঢাকাই সিনেমাকে টেনে নিয়ে আসছেন। তার অবদান অনেক। এখনো অভিনয় করছেন। তার একটা বিশাল ভক্ত আছে। আমি মনে করি, শাকিব খান কমার্শিয়াল সিনেমার অপরিহার্য নায়ক। এই কথা অস্বীকার করার উপায় নেই। তার প্রিয়তমার জন্য শুভকামনা।
অন্যদিকে আফরান নিশো কাছের ছোট ভাই। ভীষণ ভালো অভিনয় করে। তার প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ মুক্তি পেয়েছে। দর্শকরা দেখছেন। নিশোর জন্য ভালোবাসা। সুড়ঙ্গ নিশোর জন্য বড় একটি উপহার। আমার কথা হচ্ছে শত ফুল ফুটতে দাও। ফুল যদি একটিই হতো তাহলে গোলাপ ছাড়া অন্য ফুলের দরকার ছিল না। আমাদের গোলাপ যেমন দরকার, বুনোফুলও দরকার।’
মাহফুজ বলেন, সব ধরনের সিনেমা এ দেশে দরকার। কেউ নাচে-গানে ভরপুর সিনেমা পছন্দ করেন। কেউ সিরিয়াস সিনেমা পছন্দ করেন। কেউ হাসির সিনেমা পছন্দ করেন। কেউ ভালোবাসার সিনেমা দেখতে চান। একই রকম হলে তো হবে না। এবারের ঈদে তাই হয়েছে, ভিন্ন ভিন্ন গল্পের সিনেমা মুক্তি পেয়েছে এবং দর্শকরা তাদের পছন্দের সিনেমাগুলো দেখছেন।
৮ বছর পর সিনেমায় ফেরার জন্য কী রকম প্রস্তুতি নিতে হয়েছিল?, জানতে চাইলে তিনি বলেন, অনেক দিনের প্রস্তুতি ছিল। চয়নিকা চৌধুরীর কাছ থেকে প্রস্তাবটি পাবার পর অনেক ভেবেছি। চরিত্র নিয়ে নিজে নিজে খেলেছি। আমার ভেতরে চরিত্রটির বাসা বেঁধেছি। মনা হবার জন্য যা যা প্রস্তুতি দরকার সব করেছি। দর্শকরা যেন আমার ভেতরে মনাকে খুঁজে পায়, সেই চেষ্টা করেছি।
এক সময় দর্শকরা আপনাকে ‘চৈতাপাগল’, ‘নুরুল হুদা’ নামে ডেকেছেন আলোচিত চরিত্রে অভিনয়ের জন্য, প্রহেলিকা করার পর দর্শকরা ‘মনা’ নামে ডাকছেন, কেমন লাগছে?
