Home ফিচার পদ্মা সেতুতে প্রতিদিন গড়ে আয় ২ কোটি ১৮ লাখ টাকা

পদ্মা সেতুতে প্রতিদিন গড়ে আয় ২ কোটি ১৮ লাখ টাকা

0
133

পদ্মা সেতু থেকে প্রতিদিন গড়ে ২ কোটি ১৮ লাখ টাকা আয় হয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৫ জুন) সেতু ভবনের সম্মেলন কক্ষে পদ্মা সেতু উদ্বোধনের বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

পদ্মা সেতুর সংশোধিত ব্যয়ের হিসেব জানিয়ে মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত পদ্মা সেতুর সংশোধিত ব্যয় ৩২ হাজার ৬০৫ কোটি টাকা। আর গতকাল রাত পর্যন্ত টোল উঠেছে ৭০০ কোটি ৯৮ লাখ ২৩ হাজার ৯৬ টাকা। যা আজ বিকেল পর্যন্ত ৮০০ কোটিতে উন্নীত হওয়ার আশা করা হচ্ছে। প্রতিদিন গড়ে ২ কোটি ১৮ লাখ টাকা টোল আদায় হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘২৫ জুন ২০২২ হতে গতকাল অর্থাৎ ২৪ জুন রাত ১২টা পর্যন্ত এ সেতু দিয়ে পারাপার হয়েছে সর্বমোট ৫৬ লাখ ৭৫ হাজার যানবাহন। দৈনিক গড়ে সাড়ে ১৫ হাজার যানবাহন পারাপার হচ্ছে এ সেতু দিয়ে, যা পূর্বানুমানের চেয়েও বেশি।’

ওবায়দুল কাদের বলেন, ‘কোনো সরকার চিরস্থায়ী নয়, কিন্তু সেতু থাকবে। সেতু কোনো সরকারের সম্পদ নয়। এটা জনগণের সম্পদ।’

তিনি বলেন, ‘পদ্মা সেতুতে চলাচল করার জন্য মহামান্য রাষ্ট্রপতি ছাড়া সব নাগরিককে টোল দিতে হবে। উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী ৫৯ হাজার ৬০০ টাকা টোল দিয়ে সেতু পার হয়েছেন।’

মন্ত্রী জানান, বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য সংস্থা ৯১ লাখ ৭০ টাকা টোল দিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গত ১৪ বছরে বিএনপির আন্দোলনকে ম্লান করে দিয়েছে এক পদ্মা সেতু। বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতু সম্প্রসারিত করেছে দেশের অর্থনৈতিক সম্ভাবনার দিগন্ত।’

ওবায়দুল কাদের বলেন, ‘সময় ও ব্যয় সাশ্রয়ী পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যোগাযোগে নবদুয়ার খুলে দিয়েছে।’

পদ্মা সেতুকে জাতীয় সম্পদ উল্লেখ করে তা সংরক্ষণে সকলকে যত্নবান হওয়ার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here