শাকিব খানকে ‘বৃদ্ধ’ বানানোর পেছনের গল্প শোনালেন সবুজ

শাকিব খান। চমকের পর চমক। যেন সব হিসাব বদলে দিচ্ছেন। এই তো ‘প্রিয়তমা’ চলচ্চিত্রে এক লুকেই যেন আটকে ছিলেন। চমক সৃষ্টি করা বড় চুলের শাকিবকে মিলিয়েছিলেন। দুয়ে-দুয়ে চার মিলিয়ে যখন অপেক্ষা করছিল ভক্তদের একাংশ, তখনই দাবার চাল উল্টে দিয়ে অঙ্কটাকে বদলে দিলেন মঙ্গলবার। অন্তত ভক্তরা এমনটাই বলছেন।

সাদা-পাকা লম্বা চুল। সাদা পায়জামা-পাঞ্জাবি পরে বসে আছেন এক বৃদ্ধ। জীবনসায়হ্নে এসে অপলক দৃষ্টিতে তাকিয়ে কী যেন খুঁজছেন ৮০ বছর বয়সী এই বৃদ্ধ! এক দৃষ্টিতে কিছুক্ষণ দেখলে বোঝার উপায় নেই তিনি ঢাকাই সুপারস্টার শাকিব খান। যার এই লুকটি দেখে বিস্মিত হয়েছেন নেটিজেনরাও!

তারা বলছেন, এ কোন শাকিব খান? জানা যায়, শাকিব অভিনীত আসন্ন ঈদের ছবি ‘প্রিয়তমা’য় এমন একটি লুকে দেখা যাবে তাকে। শাকিব খানের এই লুক আনতে মেকআপ শিল্পীর সময় লেগেছে আট ঘণ্টা। এমনটাই জানালেন শাকিব খানের মেকআপ শিল্পী সবুজ খান।

বৃহস্পতিবার বিকেলে সবুজ সংবাদমাধ্যমকে বলেন, ‘শাকিব ভাইকে ৮০ বছরের বৃদ্ধ বানাতে হবে। এ জন্য মেকআপ আর্টিস্ট হিসেবে হিমেল আশরাফ ভাই আমাকে নির্দেশনা দেন। তার নির্দেশনা অনুযায়ী আমি কাজ শুরু করি। সকাল থেকে এই কাজ করতে গিয়ে আট ঘণ্টা লেগেছে।’

আয়নায় নিজেকে দেখে কেমন প্রতিক্রিয়া ছিল শাকিবের? এই প্রশ্নের জবাবে সবুজ বলেন, ‘ভাইয়া তো দেখে অবাক। স্বাভাবিক, এটাই তো হবে। তিনি আমার ওপর খুশি হয়েছেন। সবচেয়ে বড় কথা, সবাই এটা নিয়ে কথা বলছে। সবাই প্রশংসা করছে, এতেই আমার ভালো লাগছে।’

জানা যায়, প্রস্থেটিক রূপসজ্জায় দক্ষ বড় একটি মেকআপ টিমকে শাকিবের এই লুকের পেছনে সবমিলিয়ে ১৫ দিনের মতো সময় দিতে হয়েছে। প্রথমে নেওয়া হয় শাকিবের মুখমণ্ডলের মাপ। সেভাবে একটি আবরণ তৈরি করা হয়। সেখানে চুল, দাড়ি বসিয়ে ঠিক করা হয় লুক। পরে চরিত্রের সঙ্গের মানানসই কি না, যাচাই করার জন্য লুক পরীক্ষা করা হয়।

এ ধরনের মেকআপ বেশ ব্যয়বহুল। তবে ঠিক কত টাকা খরচ হয়েছে সে বিষয়ে স্পষ্ট ধারণা দেননি নির্মাতা হিমেল আশরাফ। তবে এতোটুকু বলেন, এই অর্থ দিয়ে অনায়াসে মারপিটের কয়েকটি দৃশ্য করতে পারতাম।

তবে একটি সূত্র বলছে, শাকিবকে বৃদ্ধের লুকে আনতে খরচ হয়েছে পাঁচ লাখ টাকার মতো।

‘প্রিয়তমা’ সিনেমাতে শাকিবের বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। টেলিভিশন সিরিয়ালের পরিচিত মুখ তিনি। সিনেমার কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *