আপাতত সুড়ঙ্গের প্রমোশন নিয়েই ব্যস্ত আছি: তমা মির্জা

খুব অল্প সময়ের ক্যারিয়ারেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি অভিনয়ের জন্য। তবে চলচ্চিত্রে নিজেকে প্রমাণের জন্য এবারের ঈদটি যেন তমা মির্জার এক বিশাল অগ্নিপরীক্ষা। অনেকেই সেটা বলছেন।

প্রথমত রায়হান রাফির পরিচালনায় ঈদের ছবি। দ্বিতীয়ত তমা মির্জার সহশিল্পীর নাম ‘আফরান নিশো’। দুটোই অনেকের জন্যই কাঙ্খিত চাওয়া। ছবির নাম সুড়ঙ্গ। সিনেমার কাজ প্রায় শেষ, মুক্তি পাচ্ছে এবারের ঈদে। তারই প্রচারণার অংশ হিসেবে এরইমধ্যে প্রকাশ পেয়েছে এর পোস্টার, ট্রেলার ও গান।

‘সুড়ঙ্গ’ নিয়ে দর্শকমহলে দারুণ আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে নতুন এই জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় আছে দর্শকরা। আর বাড়তি চমক হিসেবে থাকছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার আইটেম গান ‘কলিজা আর জান’। সিনেমাটি নিয়ে আশাবাদী এর অভিনয় শিল্পীরাও।

আপাতত সিনেমাটির প্রচার নিয়েই ব্যস্ত সময় পার করছেন তমা মির্জা। এমনকি আগামী মাস দুয়েক এই সিনেমা নিয়েই ব্যস্ত থাকবেন বলে জানিয়েছেন তিনি। এই সময়ে নতুন কাজ হাতে নেয়ার কথাও একদমই ভাবছেন না তমা।

এ নিয়ে সংবাদমাধ্যমকে তমা বলেন, ‘আপাতত সুড়ঙ্গের প্রমোশন নিয়েই ব্যস্ত। সুড়ঙ্গ মুক্তির এক-দুই মাস পরে কাজ শুরু করব, তার আগে নয়। সুড়ঙ্গকে প্রপার টাইম দিতে চাই। সিনেমা মুক্তির পরে প্রমোশন করতে চাই।’

শুধু মুক্তির আগেই নয়, দর্শকদের কাছে সিনেমা পৌঁছে দেয়ার জন্যে মুক্তির পরেও প্রচারণা চালাতে হয় বলেই মনে করে এই চিত্রনায়িকা।

তিনি বলেন, ‘আমরা অনেকেই মনে করি সিনেমা রিলিজের আগে প্রমোশন করলেই সেটা শেষ, কিন্তু আমার মনে হয় ছবি রিলিজের আগে যেমন অ্যাকটিভ থাকা উচিত, রিলিজের পরেও বেশ কিছুদিন অ্যাকটিভ থাকা প্রয়োজন, যতদিন পর্যন্ত না প্রতিটি দর্শকের কাছে সিনেমাটির খবর পৌঁছে যায়।’

সিনেমা মুক্তি পরের পরিকল্পনা নিয়ে তমা বলেন, ‘রিলিজের পর আমরা হল ভিজিট করতে চাই। তবে প্রতিদিন তো আর হল ভিজিট সম্ভব নয়। সপ্তাহে আমরা যদি একটা-দুটি করেও হল ভিজিট করতে যাই, সেটাও বিশাল সময়ের ব্যাপার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *