আগে চাকরি করতাম, অভিনয়ের কারণে চাকরি ছেড়ে দিয়েছি: সামিরা মাহি

ছোটপর্দার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। বেশকিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। বছর দুয়েক ধরে গুঞ্জন, চলচ্চিত্রে কাজ করতে চলেছেন এই অভিনেত্রী। কিন্তু বারবারই সেই গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দেন মাহি। তবে সম্প্রতি দেয়া একটি সাক্ষাৎকারে তিনি জানালেন, সিনেমায় কাজ করতে তার আপত্তি নেই। যদিও সেখানে রেখেছেন কিন্তু।

ওই সাক্ষাৎকারে অভিনেত্রীর কাছে প্রশ্ন ছিল, ‘বছর দুয়েক ধরে শোনা যাচ্ছে চলচ্চিত্রে কাজ করবেন সামিরা মাহি। কোনো চলচ্চিত্রে আদৌ কি আপনাকে দেখা যাবে?’ খুব কৌশলে এবং দক্ষতার সঙ্গে এই প্রশ্নটির জবাব দেন তিনি।

মাহি বলেন, ‘বাংলাদেশে কেউ সিনেমায় চলে গেলে আর নাটকে ফিরে আসে না। একটা মুভির অফার পেলাম আর চলে গেলাম, পরে কিছুই ভাবলাম না। ফিন্যান্সিয়াল ব্যাপারটাও তো দেখতে হবে। আমি আগে চাকরি করতাম। অভিনয়ের কারণে চাকরি ছেড়ে দিয়েছি। অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হলেই সিনেমায় কাজ শুরু করব। কারণ, সিনেমা একবার শুরু করলে আর ফিরে আসব না।’

অর্থাৎ এই অভিনেত্রীর কথায় স্পষ্ট যে, তিনি একবার চলচ্চিত্রে কাজ করা শুরু করলে ছোটপর্দা নিয়ে আর ভাববেন না। বড় পর্দাতেই মনোনিবেশ করবেন। তার জন্য দরকার অর্থনৈতিক নিরাপত্তা। নাটকের কাজ যেমন সারা বছর প্রচুর পরিমাণে হচ্ছে, সিনেমার কাজ সেভাবে হচ্ছে না। সেক্ষেত্রে অর্থনৈতিক অনিশ্চিয়তা থেকেই যায়। তাই চলচ্চিত্রে পা রাখার আগে এই জায়গাটাই আগে ঠিক করতে চান মাহি।

এদিকে, সম্প্রতি লন্ডন গিয়েছিলেন সামিরা মাহি। এ বিষয়ে তিনি বলেন, আমার ভাই লন্ডনে থাকে। ওর সঙ্গে আমিও ভিসার আবেদন করেছিলাম। মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল, সে কারণে যাওয়া। যাওয়ার পর মনে হয়, কিছু কাজের ব্যাপারে লিংক শেয়ার করতে পারি। মিটিং করতে পারি। এরপর অনেক জায়গায় মেইল করি, কিছু জায়গা থেকে রিপ্লাই এসেছে।

সেখানে শুটিংও করেছেন কিনা জানতে চাইলে সামিরা মাহি বলেন, না, শুটিং করিনি। ওখানকার একটা প্রোডাকশন একটা ওয়েব সিরিজ বানাচ্ছিল। আমাকে ছোট্ট একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিল। বলেছিল, সিরিজটি নেটফ্লিক্সে যাবে। ওরাই আবার পরে নেটফ্লিক্সের জন্য অন্য একটা পরিকল্পনাও করছিল। বলছিল, অডিশন যেহেতু দিবা, এবারেরটায় ছোট্ট একটা চরিত্র করতে পারো। কিন্তু করিনি। বলেছি, এখন নয়। তবে পরেরটায় যদি সিলেক্ট হই, তাহলে হয়তো দু-তিন মাসের মধ্যে আবার যাব। ওরা তো নাটক দেখে না। আমার চরকিতে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ দেখিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *