আমার নায়িকা ইমেজ নষ্ট হবে না: পরীমণি

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘মা’। এতে এক মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। পর্দার বাইরে বাস্তবেও এক পুত্র সন্তানের মা এই অভিনেত্রী। তবে মা হলেই নায়িকা ইমেজ নষ্ট হয় না বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্তব্য করেন পরীমণি।

অভিনেত্রী বলেন, নায়িকারা মায়ের ভূমিকায় অভিনয় করলেও, তার আবেদন কমে যাবে, এমন কথায় আমি মোটেও বিশ্বাসী নই। মা হলেই নায়িকা ইমেজ নষ্ট হয় না। আমাদের পাশের দেশের অনেক নায়িকাই মা হয়ে অভিনয় করছেন। তাদের ইমেজ তো নষ্ট হয়নি। তাই আমারও নায়িকা ইমেজ নষ্ট হবে না বলেই মনে হয়।

তিনি বলেন, অভিনেত্রী থেকে পরিপূর্ণ শিল্পী হতে চাইলে সব ধরনের চরিত্রে অভিনয়ের সাহস থাকতে হবে। আমি সেই সাহস নিয়েই কাজ করার চেষ্টা করি। তাই সন্তানের প্রতি একজন মায়ের যে আবেগ-অনভূতি কাজ করে, তা ভালোভাবে জেনে নিজের মধ্য আত্মস্থ করার চেষ্টা করেছি। তারপর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি।

পরীমণি আরো বলেন, ‘মা’ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর অনেকেই আমার ভীষণ প্রশংসা করেছিল এমন চরিত্রে বেছে নেওয়ার জন্য। তাদের সেই প্রশংসাও আমাকে এই সিনেমায় অভিনয়ের প্রেরণা জুগিয়েছে।

সিনেমার প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, ‘মা’ আমার জন্য শুধু সিনেমা নয় একটি ইমোশন। অনেক আবেগ জড়িয়ে রয়েছে এই সিনেমার সঙ্গে। যখন সিনেমাটির শুটিং করি তখন আমি চার মাসের অন্তঃসত্ত্বা। রাজ্যকে পেটে নিয়েই দিনরাত শুটিং করেছি এই সিনেমার। এখন যখন সিনেমাটি মুক্তির পেল, তখন রাজ্য আমার কোলে। এটা যে কতটা আনন্দের অনুভূতি বোঝানো যাবে না।

অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে ‘মা’ নির্মাণ করেন অরন্য আনোয়ার। সিনেমাটিতে পরী ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *