এশিয়ার আয়রন লেডি আখ্যা পেলেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার আয়রন লেডি হিসেবে আখ্যায়িত করেছে ব্রিটেনের বিখ্যাত সাময়িকী দ্যা ইকনোমিস্ট পত্রিকা।

লন্ডন থেকে প্রকাশিত পত্রিকাতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেয়াদী নারী সরকার প্রধান। তার নেতৃত্বে দারিদ্র বিমোচনের পাশাপাশি বেশিরভাগ সময় ৭ ভাগ জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে দেশটি।

প্রতিবেদনে বলা হয়, ৭৫ বছর বয়সী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগকে চারবার নির্বাচনে বিজয়ী করেছেন, যা ইন্দিরা গান্ধী ও মার্গারেট থ্যাচারের চেয়েও বেশি বলেও তুলে ধরে দ্যা ইকনোমিস্ট।

আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনেও তিনি জয়ী হবেন বলে আশা করছেন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নর্দার্ন ভার্জিনিয়ার হোটেল স্যুটে তার সাক্ষাৎকার নিয়েছে দ্য ইকোনমিস্ট।

সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে তার স্বপ্ন ও উচ্চাশার বিষয়ে জানতে চেয়েছিল ব্রিটিশ এই সাময়িকী। বুধবার (২৪ মে) ‘এশিয়ার লৌহ মানবী শেখ হাসিনা’ শিরোনামে সেই সাক্ষাৎকার প্রকাশ করেছে দ্য ইকোনমিস্ট।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এই দেশকে একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত উন্নত দেশ করতে চাই।’ তারপর ভয়াবহ ইতিহাসের কথা উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, ‘আপনি কী ভাবতে পারেন, তারা আমার বাবাকে হত্যা করেছে?’

ইকোনমিস্ট বলছে, তার বাবা ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছ থেকে দেশটির রক্তক্ষয়ী স্বাধীনতা লাভের চার বছর পর ১৯৭৫ সালে সামরিক অভ্যুত্থানে নিহত হন। তার ১৭ জন ঘনিষ্ঠ আত্মীয় খুন হয়েছিলেন। সেই সময় শেখ হাসিনা ইউরোপে থাকায় বেঁচে যান।

‘তারা আমার ভাইকে, আমার মাকে, আরেক ভাইকে হত্যা করেছে— মাত্র দশ বছর বয়সী! আমার দুই বোন জামাই, আমার একমাত্র চাচা একজন প্রতিবন্ধী তাকেও হত্যা করেছে,’ বলেন প্রধানমন্ত্রী। এসব কথা বলার সময় তার চোখ অশ্রুতে ভিজে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *