রংপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: রংপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আশিকুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। নিহত আশিকুর রহমান কাউনিয়া উপজেলা বালাপাড়া ইউনিয়নের হারিশ্বর গ্রামের রেল কলোনীর তপেল উদ্দিনের ছেলে।

শুক্রবার কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ শনিবার নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, শুক্রবার কাউনিয়া বাসস্ট্যান্ডের পার্শ্ববর্তী একটি মাঠে বিকেলে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলাকে কেন্দ্র করে রাত সাড়ে ৮টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে এতে কয়েকজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় আশিকুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপর আহতরা কাউনিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত স্বাপেক্ষে পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *