নায়ক ফারুক ভাই আমার পীর ছিলেন: মিশা সওদাগর

চিত্রনায়ক এবং ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক সম্মানের দিক থেকে আমার কাছে একজন পীর সমতুল্য ছিলেন বলে মন্তব্য করেছেন জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর।

মঙ্গলবার (১৬ মে) দুপুর ১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নায়ক ফারুকের মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মিশা সওদাগর। তিনি বলেন, চিত্রনায়ক ফারুক ভাই অত্যন্ত অমায়িক একজন মানুষ ছিলেন।

এ খল-অভিনেতা বলেন, ফারুক ভাই কারো ওপর যদি তিনি রাগ করতেন, আর সেই ব্যক্তি যদি একবার সামনাসামনি এসে সরি বলতেন, তাহলে নিমিষেই ফারুক ভাইয়ের রাগ পানি হয়ে যেত। এমনকি তাকে বুকে জড়িয়ে নিতেন। এমন মানুষ আমি আর দ্বিতীয়জন দেখিনি।

তিনি বলেন, পীর শব্দের অর্থ আমি জানি না। তবে আমরা জানি, পীর মানে যাকে মান্য গণ্য করা যায়, যিনি মুরুব্বি। আমি সবসময় ফারুক ভাইকে বলতাম আপনি আমার পীর সাহেব।

জনপ্রিয় এই খল অভিনেতা বলেন, চলচ্চিত্র সমিতিতে আমি এবার নির্বাচন করতে চাইনি, আমার বন্ধু-বান্ধব ও অভিনেতা ডিপজলসহ অনেকেই নির্বাচনের জন্য আমাকে অনুরোধ করছিল, আমি তাদের প্রত্যেককেই না করে দিয়েছিলাম। সবশেষে ফারুক ভাইয়ের কথায় আমি নির্বাচন করেছি।

মিশা সওদাগর আরও বলেন, ফারুক ভাই অসম্ভব ভাল একজন অভিনেতা ছিলেন। সেই সঙ্গে বড় মাপের ভালো মানুষ ছিলেন। যারাই তার সাথে মিশেছেন, তারাই এ বিষয়ে ভালো জানেন। যেকোনো সমস্যা নিয়ে তার কাছে যিনি গেছেন, ভাই তাকে সর্বোচ্চ উপকার করার চেষ্টা করেছেন। তার কাছে সহযোগিতা চেয়ে আমার মনে হয় না কেউ কোনোদিন ফেরত এসেছেন।

এ সময় সঙ্গে ছিলেন অভিনেতা ও চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়ক জায়েদ খান, চিত্রনায়িকা নিপুন ও জয় চৌধুরীসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *