সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুর নগরীর ঠিকাদার পাড়া এলাকায় চয়তলা বাসার একটি ফ্লাটে তল্লাশী চালিয়ে পুলিশের এএসআই মিজানুর রহমানকে গ্রেফতার করেছে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয়েছে ৩ হাজার ১শ ৯৮ পিস ইয়াবা এক বোতল ফেনসিডিল ৩টি ব্যাংকের চেকবইসহ অন্যান্য মালামাল।
রংপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহাত বিন কুতুব জানান, গোপন সংবাদের উপর ভিত্তি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মাহবুব রহমান ও সহকারী পরিদর্শক তাহেদুল ইসলাম ও পুলিশের সহযোগীতায় নগরীর ঠিকাদার পাড়া এলাকায় অবস্থিত মিলন ভিলার তৃতীয় তলার একটি ফ্লাটে অভিযান চালিয়ে কুড়িগ্রাম পুলিশে কর্মরত এএসআই মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়।
‘তার বাড়ি তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদকসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক হিজড়া মিলনকে গ্রেফতার করা যায়নি, অভিযান শুরুর আগে সে পালিয়েছে।’
পুলিশের এএসআই মিজান তার পরিবার নিয়ে ওই ফ্লাটে ভাড়া থেকে ইয়াবা ফেনসিডিলসহ মাদক ব্যবসা চালিয়ে আসছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান ম্যাজিষ্ট্রেট রাহাত বিন কুতুব।
