Home প্রধান খবর মির্জা ফখরুলের অভিযোগ সত্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মির্জা ফখরুলের অভিযোগ সত্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

0
132

নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের ধরপাকড়ের বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেন, মির্জা ফখরুল যেটা বলেছেন সেটা সত্য নয়। যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে, সুনির্দিষ্ট মামলা রয়েছে শুধু তাদেরকে ধরা হচ্ছে।

বুধবার (১০ মে) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাদের বিরুদ্ধে পরোয়ানা রয়েছে, যারা অন্যায় করেন তাদেরকে খুঁজে বের করে ধরবে। এটিই পুলিশের নিয়মিত কার্যক্রম। যাদের ধরা হচ্ছে যদি আপনারা দু-একজনের নাম বলেন তাহলে আমি বলে দিতে পারবো তাদের বিরুদ্ধে কতগুলো পরোয়ানা ছিল।

তিনি বলেন, আমি লিস্টগুলো মাঝে মাঝে দেখি। আমি এমনও দেখেছি একেকজনের বিরুদ্ধে ২০-৩০ টি করে মামলায় পরোয়ানা ইস্যু হয়ে রয়েছে। এসব বহু পুরোনো ওয়ারেন্ট। তাদের বহুবার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু তারা আদালতে গিয়ে সারেন্ডার করে যথাযোগ্য ব্যবস্থা নেন নাই।

নির্বাচনকে সামনে রেখে পুলিশকে সাজানো হচ্ছে, বদলি করা হচ্ছে-এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের পুলিশ এখন অত্যন্ত দক্ষ, অত্যন্ত অভিজ্ঞ। পুলিশ যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। নির্বাচনের জন্য পুলিশকে সাজানো-গোছানোর প্রশ্নই আসে না।

ভারতীয় পাসপোর্টে আরাভ খান নামে দুবাই অবস্থান করা রবিউল ওরফে আরাভ খানকে ফেরানো কতটা সহজ- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে ফিরিয়ে আনা অসম্ভব নয়। আর বাংলাদেশের কাছে অসম্ভব বলে কিছু নেই, বাংলাদেশ সবই পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here