কয়েক মাস আগেই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং অভিনেতা শরিফুল রাজের ওপর রেগে গিয়েছিলেন অভিনেত্রী পরীমণি। সোশ্যাল মিডিয়ায় এ ব্যাপারে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন পরী। গত ৯ নভেম্বর রাতে হঠাৎ করেই স্বামী রাজের সঙ্গে মিমের ম্যাসেঞ্জারে চ্যাটিংয়ের স্ক্রিনশটও পোস্ট করেছিলেন ফেসবুকে। যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল সেই সময়।
এ ঘটনায় অভিনেত্রী মিম সেই সময় বলেছিলেন, এত ঝামেলার পর তিনি আর রাজের সঙ্গে কাজ করতে চান না। তবে রাজ ও মিমের এই জুটিকে সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছিল দর্শকরা। তাদের অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমা প্রশংসিতও হয়েছিল। কিন্তু মিম রাজের সঙ্গে কাজ না করার কথা জানায়।
রাজ-মিম-পরীমণি ইস্যু নিয়ে এতোদিন প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। অবশেষে নীরবতা ভাঙলেন পরীমণি।
স্বামীকে নিয়ে একটি ‘টক শো’-এর অতিথি হিসেবে এসেছিলেন অভিনেত্রী। সেখানেই তাকে প্রশ্ন করা হয়, তবে কি তার জন্যই ভেঙে গেল রাজ ও মিমের জুটি?
জবাবে পরীমণি বলেন, এগুলো সম্পূর্ণ বাজে কথা। তাছাড়া মিম হঠাৎ করে একদিন বলে দিলো, সে আর কাজ করবে না রাজের সঙ্গে। সেটা তো কোনো সমাধান নয়।
পরীমণি আরো যোগ করেন, এমন গায়ে পড়া মানুষ আমার মোটেও পছন্দ নয়।
নায়িকা আরো জানান, মিম যতো না রাজের ঘনিষ্ঠ ছিলেন, তার চেয়েও বেশি ঘনিষ্ঠ ছিলেন তার। পরীমণি চান তারা আবারো একসঙ্গে কাজ করুক। কারণ পর্দার সামনে তাদের জুটি পরীমণির ভীষণ প্রিয়।
এই কথোপকথন চলাকালীন শরিফুল রাজ অবশ্য পুরোই চুপ ছিলেন। এ প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করেননি।
