তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবে হামলা কারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে ভূঞাপুর প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী করছেন সাংবাদিকরা। শনিবার (৬ মে) দুপর ১টায় ভূঞাপুর প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচী পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, সাধারন সম্পাদক আঃ রাজ্জাক, এটিএন নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি নাসির উদ্দিন, ডিবিসি টেলিভিশনের স্টাফ রিপোর্টার সোহেল তালুকদার, দেশ টিভির টাঙ্গাইল প্রতিনিধি আতিকুর রহমান, ঢাকা ট্রিবিউনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, যুগান্তরের ভূঞাপুর প্রতিনিধি আসাদুল ইসলাম বাবুলসহ ভূঞাপুর প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।
এ সময় ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক বলেন, সাংবাদিকের উপর হামলা ও প্রেসক্লাব গুড়িয়ে দেয়ার হুমকি দাতাদের নামে থানায় অভিযোগ দেয়া হলেও এখন পর্যন্ত ভূঞাপুর থানা পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি। এদিকে শ্রমিক নেতারা সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে। দোষীদের গ্রেফতার ও মিথ্যা মামলা পত্যাহার না করা পর্যন্ত আমাদের এই কর্মসূচী চলবে এবং প্রয়োজনে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবো।
উল্লেখ্য গত ১ লা মে মহান শ্রমিক দিবসে সিএনজি অটোরিকশা শ্রমিক সমিতির সভাপতির ঘোষনায় সিএনজি অটোরিকশার ভাড়া বৃদ্ধি করে। এতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। এ সংক্রান্ত সঙবাদ প্রচার করায় শ্রমিক সমিতির সভাপতি সম্পাদকের নেতৃত্বে ভূঞাপুর প্রেসক্লাব ভেঙে দেয়ার হুমকি দেন এবং সময়ের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি আরিফুজ্জামান তপুর উপর আক্রমন করে। ঘটনার দিন সন্ধায় ভূঞাপুর থানায় একটি অভিযোগ দেয়া হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি ভূঞাপুর থানা পুলিশ।
এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি জয়নাল আবেদীনসহ টাঙ্গাইল জেলার সকল সাংবাদিক।
এসএইচ
