সম্প্রতি বাংলাদেশের সিনেমা হলগুলোতে ভারতীয় ছবি আমদানির অনুমতি দিয়েছে সরকার। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১২ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলিউডের ব্লকবাস্টার ‘পাঠান’ সিনেমা।
এদিকে শুরু থেকেই দেশে ‘পাঠান’মুক্তির বিরোধিতা করছেন ঢালিউডের জনপ্রিয় খল অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি মুক্তির তারিখ ঘোষণা করতেই ‘পাঠান’-এর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ডিপজল।
তিনি বলেন, “আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ‘পাঠান’ আমাদের দেশে চলবে না। এ ব্যাপারে আমি নিশ্চিত। কারণ, আমি সিনেমা বানাই, বিনিয়োগ করি, সিনেমা চালাই, হল চালাই। আমাদের দর্শক কি সিনেমা দেখতে চায়, আমার তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারের অভিজ্ঞতার আলোকে আমি দর্শকের চহিদা বুঝতে পারি।”
ছবিটি নিয়ে এ অভিনেতা আরও বলেন, “আমি মনে করি, ‘পাঠান’ মুক্তি পেলেও সেটা আমাদের দেশে চলবে না। দর্শক সাড়া দেবে না। আমাদের সিনেমার দর্শক আলাদা। সিনেমার মূল ব্যবসা মূলত মফস্বল শহরের সিনেমা হলগুলো থেকে হয়। সেখানেই দর্শক বেশি। তারা হিন্দি বোঝে না। ডাবিং করে চালালেও তা গ্রহণ করে না। সিনেপ্লেক্সের দর্শক আলাদা। সেখানে যে পরিমাণ দর্শক হয়, তা দিয়ে সিনেমার পুঁজি উঠে না। ইতোমধ্যে এক শ্রেণির দর্শক ‘পাঠান’ দেখে ফেলেছে। নতুন করে তাদের দেখার কিছু নেই।”
ভারতে ‘পাঠান’ মুক্তির সময় থেকেই দেশে এ ছবি মুক্তির তোড়জোড় শুরু করে একটি প্রযোজনা প্রতিষ্ঠান। এ নিয়ে চলচ্চিত্র ও হল সংশ্লিষ্টদের নিয়ে তখন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নেতৃত্বে মিটিং ও হয়েছিল। কিন্তু সে সময় সকল সংগঠন একমত না হওয়ায় স্থগিত করা হয়েছিল চলচ্চিত্রটির মুক্তি। তবে সেসব প্রতিবন্ধকতা কাটিয়ে মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবিতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে আছেন জন আব্রাহাম। দেশমাতৃকাকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচাতে এক সেনার গল্প বলেছে এই ছবি।
