শাকিবের ‘কথা আছে কথা আছে’ গানে মজেছেন বুবলী

ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’। ইতোমধ্যে সিনেমাটির টিজার ব্যাপক সাড়া ফেলেছে। সে সঙ্গে সিনেমাটির প্রথম গান ‘কথা আছে কথা আছে’ দর্শকের মনে জায়গা করে নিয়েছে। একদিনেই গানটি নিয়ে নেট দুনিয়ায় হইচই পড়ে গেছে।

বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টায় গানটি অন্তর্জালে অবমুক্ত করা হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী তাবিব মাহমুদ। শুভ্র রাহার সংগীতায়োজনে গানটির কথা লিখেছেন শিল্পী নিজেই।

‘কথা আছে কথা আছে, আমার কিছু কথা আছে’ গানটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে। গানটিতে ঠোঁট মিলিয়ে ভাইরাল হয়েছেন ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার নায়িকা বুবলীও।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ‘কথা আছে’ গানটির সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন বুবলী। তার সেই ভিডিওটিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

‘এইতো দুঃখ ভরা রাত, যার হয় না সুপ্রভাত, সবাই হইছে কুপোকাত, ভাঙছে মাথার ওপর ছাদ, অলিগলি থেকে শুরু, হায়না-ময়না-হাতি, হাতের তালুর মতো চিনি, আমি এই ঢাকা সিটি, ঘুষ ছাড়া চাকরি হয় না, ঘুষ না খাইলে চাকরি যায়, ঘুষ দিয়া তার চাকরি হইছে, কীভাবে সে ঘুষ না খায়…এভাবে কি চলতে পারে, চলতে দেওয়া যেতে পারে, প্রশ্ন আমি রেখে যাই, দুর্নীতিকে রুখি তাই, কথা আছে কথা আছে, আমার কিছু কথা আছে, আমি সেটা বলবোই’ এমনই কথার গানটি সব মিলিয়ে অন্তর্জাল মাতাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *