বগুড়ার শেরপুরে বাস চাপায় প্রাণ গেল ৩ অটোভ্যান যাত্রীর

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বাসের চাপায় তিনজন অটোভ্যান যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) দুপুর একটার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার ধনকুন্ডি(আমতলা) নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

 

নিহতরা হচ্ছেন, শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চকপাথারী গ্রামের মোঃ মোল্লা হাজীর ছেলে আব্দুর হাই প্রামানিক (৬০), একই গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে আল আমিন (২৮) ও ঘাসুরিয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে শাহসুলতান (৯)।

 

জানাগেছে, একটি ব্যাটারী চালিত অটোভ্যান পাঁচজন যাত্রী নিয়ে চান্দাইকোনা বাজারের দিকে যাচ্ছিলো। ধনকুন্ডি নামকস্থানে ঢাকাগামী একটি বাস আল রিয়াদ পরিবহন পিছন থেকে অটোভ্যানটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন যাত্রী মারা যান। দুর্ঘটনার পরপরই ঢাকাগামী বাসটি পালিয়ে যায়।

 

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেন। আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়া হয়েছে।

 

এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন বলেন, আহত তিনজনের মধ্যে এক নারীর অবস্থা আশংকাজনক। অপর তিনজনের মৃতদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আরও পড়ুন-

বগুড়ায় ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক আটক

 

বগুড়ার শেরপুরের বনমরিচা পশ্চিম পাড়া গ্রামে ৪ বছরের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় শেরপুর থানায় মামলার প্রেক্ষিতে পুলিশ ২২ নভেম্বর রোববার দুপুরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ধর্ষক আব্দুল আলিম (১৫) কে আটক করেছে।

 

জানা যায়, উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের বনমরিচা পশ্চিম পাড়া গ্রামে আব্দুল লতিফের স্ত্রী রোজিনা বেগম গত শনিবার সকালে ধানের চাতালে কাজ করতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে একই গ্রামের দুলাল আকন্দের ছেলে আব্দুল আলিম ওইদিন দুপুর ১ টার দিকে শিশু কন্যাকে গরুর ঘাস কাটার কথা বলে ডেকে বাড়ির পাশে ধানের ক্ষেতে নিয়ে গিয়ে জোর পুর্বক ধর্ষণ করে।

 

আশেপাশের ক্ষেতে কাজ করা শ্রমিকরা শিশুটির চিৎকার শুনে এগিয়ে আসলে ধর্ষক আব্দুল আলিম পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে গতকাল রোববার সকালে রোজিনা বেগম বাদি হয়ে শেরপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। পরে পুলিশ দুপুর ১ টার দিকে ধর্ষকের বাড়িতে অভিযান চালিয়ে ধর্ষক আব্দুল আলিমকে আটক করে থানায় নিয়ে আসেন।

 

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, ধর্ষক আব্দুল আলিমকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *