সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ভ্যান চালক ও যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে পীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ভ্যান চালক পীরগঞ্জের মাহদিপুর এলাকার মোসলেম উদ্দিনের ছেলে মোকলেছার রহমান এবং যাত্রী একই উপজেলার কিশোরগাড়ি এলাকার আলম মিয়ার ছেলে রেজওয়ান নিহত হন। ভ্যানে অপর এক মহিলা যাত্রীকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন বড়দরগা হাইওয়ে থানার ওসি সোলায়মান শেঠ।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, পাবনা থেকে ছেড়ে আসা রংপুরগামি একটি যাত্রীবাহী বাস পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে চার্জার ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোকলেছার ও রেজওয়ান নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে আহত ভ্যানের নারী যাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বড়দরগা হাইওয়ে থানার ওসি সোলায়মান শেঠ বলেন, চার্জার ভ্যানকে চাপা দেয়া যাত্রীবাহী বাসটিকে জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। তাকে খোঁজা হচ্ছে।
এআই





