Home ফিচার সব রকম সারের দাম কেজিতে ৫ টাকা বাড়াল সরকার

সব রকম সারের দাম কেজিতে ৫ টাকা বাড়াল সরকার

0
500

ডিলার ও কৃষক পর্যায়ে ইউরিয়া, টিএসপিসহ বিভিন্ন ধরনের সারের দাম কেজিতে ৫ টাকা বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে সারের মূল্য বেড়ে যাওয়ায় দেশের বাজারেও এ মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার (১০ এপ্রিল) থেকেই নতুন এ দাম কার্যকর করার কথা জানিয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবরে একটি চিঠি পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে। অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয় থেকেও পুনর্নির্ধারিত মূল্যে সার বিক্রি করার জন্য মাঠ পর্যায়ে নির্দেশনা দেয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হোসেন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে সারের মূল্য বাড়ার কারণে আমদানি যৌক্তিক পর্যায়ে রাখা এবং এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সারের মূল্য পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৩ এপ্রিল সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে ‘সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির সভা’ শেষে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানিয়েছিলেন, অতীতের মতো আগামী বছরগুলোতে দেশে সারের দাম বাড়বে না। এ বছর সারের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও জানিয়েছিলেন মন্ত্রী। কৃষিমন্ত্রীর এমন বক্তব্যের এক সপ্তাহের মাথায় বেড়ে গেল সারের দাম। এতে আবারও কৃষকের ওপর বাড়তি চাপ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইউরিয়া সারের দাম আগে ডিলার পর্যায়ে ছিল কেজিপ্রতি ২০ টাকা, এখন ২৫ টাকা; কৃষক পর্যায়ে আগে ছিল ২২ টাকা এখন ২৭ টাকা। কৃষক পর্যায়ে এখন ডিএপির দাম কেজিতে ২১ টাকা, টিএসপি ২৭ টাকা, টিএসপি ও এমওপি ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত বছরের ১ আগস্ট ডিলার পর্যায়ে ইউরিয়া সারের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতিকেজি ১৪ থেকে বাড়িয়ে ২০ টাকা এবং কৃষক পর্যায়ে প্রতি কেজি ১৬ থেকে বাড়িয়ে ২২ টাকা পুনর্নির্ধারণ করে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here