Home ফিচার ডোপ টেস্ট: এসআইসহ ৬৮ পুলিশ মাদকাসক্ত, চাকরি হারালো ১০ জন

ডোপ টেস্ট: এসআইসহ ৬৮ পুলিশ মাদকাসক্ত, চাকরি হারালো ১০ জন

0
105

নজর২৪, ঢাকা- স্বচ্ছতা আনতে ও মাদকমুক্ত পুলিশ ডিপার্টমেন্ট গড়তে পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করানো হচ্ছে। ইতোমধ্যে কেবল ঢাকা মেট্রোপলিটন পুলিশে ৬৮ জন পুলিশ সদস্যদের মাদকাসক্তি ধরা পড়েছে।  এরমধ্যে চাকরিচ্যুত করা হয়েছে ১০ জনকে।

 

আজ রোববার (২২ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন।

 

পুলিশ জানায়, ডিএমপি’র বর্তমান পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম গতবছর সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করার ঘোষণা দেন। তাতে এ পর্যন্ত ৬৮ জনের মাদক নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। তাদের মধ্যে ৭ জন এসআই, ১ জন সার্জেন্ট, ৫ জন এএসআই, ৫ জন নায়েক এবং ৫০ জন কনস্টেবল রয়েছেন।

 

এই ৬৮ জনের মধ্যে ৪৩ জনের বিরুদ্ধে পুলিশের বিভাগীয় মামলা করা হয়, ২৫ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, ১৮ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মামলা নিষ্পত্তি শেষে ওই ১৮ জনের মধ্যে ১০ জনকেই চাকরিচ্যুত করা হয়েছে।

 

কেবল মাদক সেবন নয়, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকা, মাদক দিয়ে কাউকে ফাঁসানো, উদ্ধার করা মাদক জব্দ তালিকায় কম দেখানোর মত অভিযোগও রয়েছে এই পুলিশ সদস্যদের কারও কারও বিরুদ্ধে।

 

সূত্র জানায়, ডিএমপির সদস্যদের মধ্যে মাদকাসক্ত হিসেবে সন্দেহভাজনদের তালিকা করে সিআইডির ল্যাবে তাদের রক্ত ও প্রশ্রাবের নমুনা পরীক্ষা করা হয়। ধারাবাহিক এই পরীক্ষায় এখন পর্যন্ত ৬৮ জন পজিটিভ এসেছে।

 

ডিএমপি কমিশনারের নিজস্ব গোয়েন্দা সংস্থা (ইন্টেলিজেন্স এনালাইসিস ডিভিশন-এনআইডি) পুলিশের মাদক সেবন ও মাদক কারবারে সম্পৃক্ততার বিষয়ে তদন্ত করছে। ডিএমপির বিভিন্ন বিভাগে দায়িত্বরতদের অনেকে মাদকাসক্ত হওয়ার পাশাপাশি মাদক কারকারিদের সঙ্গে সখ্য গড়ে আর্থিক সুবিধা নিয়ে থাকেন বলেও তদন্তে উঠে এসেছে। পর্যায়ক্রমে তাদেরও তালিকা করা হচ্ছে।

 

সম্প্রতি এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ডোপ টেস্টে যাদের পজিটিভ এসেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে বাকিদের জন্য সুস্পষ্ট বার্তা যাবে যে, আমরা কাউকে ছাড় দিচ্ছি না। পুলিশ সদস্যদের মধ্যে যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত আছেন বা মাদক ব্যবসায়ীকে সহযোগিতা করছেন, সরাসরি তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। এ বিষয়ে কোনোরকম শিথিলতা দেখানো হচ্ছে না। ‌

 

সাধারণ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হয় ঠিক সেভাবেই মাদকের সঙ্গে সম্পৃক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ডিএমপি কমিশনার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here