কুড়িগ্রামের উলিপুরে গলায় খেজুর আটকে যাওয়ার দুই দিন পর মনজিল মিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার। গত শুক্রবার শিশুটির গলায় খেজুর আটকে গিয়েছিল।
রবিবার (০২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান। মনজিল মিয়া গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফরা এলাকার সোলেমান মিয়ার ছেলে। স্থানীয় পপুলার মডেল কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল মনজিল।
এলাকাবাসী ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, মনজিল মিয়া শুক্রবার বিকালে খেজুর খাওয়ার সময় গলায় তা আটকে যায়। পরিবারের লোকজন তাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে মনজিল কিছুটা সুস্থ হলে ওই দিনেই তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
রোববার সকালে হঠাৎ করে শিশুটি গলায় ব্যথা অনুভব করলে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর দাদা ফয়জার আলী ও চাচা মাসুদ রানা বলেন, ওই দিন কুড়িগ্রাম সদর হাসপাতাল কর্তৃপক্ষ মনজিলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন; কিন্তু আমরা তাকে রংপুর না নিয়ে কুড়িগ্রাম সদরের একটি ডায়াগনস্টিক সেন্টারে তার গলার এক্সরে করানো হয়। রিপোর্টে গলার সমস্যা ধরা না পড়ায় আমরা তাকে বাড়িতে নিয়ে আসি। রোববার সকালে হঠাৎ করে মনজিলের গলায় তীব্র ব্যথা অনুভব হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার দুপুরে নিহত মনজিলের বাড়িতে গিয়ে দেখা যায়, এলাকার লোকজন শিশুটিকে দেখার জন্য ভিড় করছেন। এ সময় স্বজনদের কান্নায় সেখানে শোকের ছায়া নেমে আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাদিয়া জেরিন বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।
