জায়েদ খানের সদস্যপদ স্থগিতের পরিকল্পনা নিয়েই কার্যনির্বাহী কমিটির সভা ডাকা হয়েছিল। তাদের উদ্দেশ্যই ছিল জায়েদের সদস্যপদ স্থগিত করা। কিন্তু আমরা এর প্রতিবাদ করেছি। কারণ, আমি যতটা জানি এখনো সাধারণ সম্পাদকের পদটি বিচারাধীন।
রোববার (২ এপ্রিল) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস।
তিনি বলেন, আমি মনে করি ইলিয়াস কাঞ্চন ভাই অনেক সহনশীল মানুষ। তিনি বলেছেন যা হবে তা আইন অনুযায়ী হবে। কিন্তু বাকিরা খুব অ্যারোগ্যান্টভাবে কথা বলেছেন। যা থেকে এটা স্পষ্ট, তারা জায়েদকে বহিষ্কারের এজেন্ডা নিয়েই এসেছেন।
এদিন দুপুর পৌনে ২টায় শিল্পী সমিতির মিটিং শুরু হয়। যা শেষ হয় বিকেল ৪টায়। মিটিংয়ে চিত্রনায়ক জায়েদের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া জায়েদের বহিষ্কারের দাবিতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) মানববন্ধন ও মিছিল করেন ১১৩ শিল্পী। এ সময় জায়েদকে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানান তারা।
