এ ধরনের ছবি আমরা আগে দেখিনি: অনন্ত জলিল

চিত্রনায়ক অনন্ত জলিলকে দর্শকরা নিজের প্রযোজিত সিনেমাতেই দেখে থাকেন। তবে এবার সেই গণ্ডি থেকে বের হয়ে অন্য প্রযোজক-নির্মাতার সিনেমায় অভিনয় করলেন তিনি। শুধু অনন্ত নন, সিনেমাটিতে অভিনয় করছেন তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষাও।

‘কিল হিম’ শিরোনামের এই সিনেমাটি প্রযোজনার পাশাপাশি নির্মাণও করছেন মোহাম্মদ ইকবাল।

জানা গেছে, এরইমধ্যে ছবির শুটিং পর্ব শেষ হয়েছে। এমনকি পোস্ট প্রোডাকশনের কাজও শেষের দিকে। এবার সিনেমাটি নিয়ে টুইস্টের আভাস দিলেন অনন্ত জলিল। নিজের ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে তাকে পুলিশের পোশাকে দেখা গেছে। অথচ এই ছবিতে তার চরিত্রটি মূলত ভিলেন বা খলনায়কের।

পুলিশের পোশাকে দেখা যাওয়া প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘এটা অ্যাকশন মুভি, সবাই জানেন আপনারা। আমার পুলিশের পোশাক পরার ব্যাপারটা নিয়ে অনেকে কনফিউজড যে, তিনি তো একজন কিলার। কেন পুলিশের পোশাক পরলাম? কিন্তু এখানে একটু টুইস্ট আছে।’

এছাড়া সিনেমাটিতে নিজের এবং বর্ষার চরিত্র প্রসঙ্গে অনন্ত আরও বলেন, ‘কিল হিম ছবিতে বর্ষাও নেগেটিভ চরিত্রে অভিনয় করেছে। আমি তো কিলার, রুবেল ভাইও খুব ভালো ক্যারেক্টার করেছেন, মিশা ভাই আছেন। বিভিন্ন ছবিতে আমরা ভিন্ন ভিন্ন গল্প বলি। কিন্তু এই ছবিটা দেখলে আসলেই সবার মনে হবে, এ ধরনের ছবি আমরা আগে দেখিনি। সত্যিই সুন্দর একটা মুভি। এটুকু বলতে পারি, সবার ভালো লাগবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *