Home খেলাধুলা যুক্তরাষ্ট্রে গেলে ২৯ ক্লাব থেকে বেতন পাবেন লিওনেল মেসি!

যুক্তরাষ্ট্রে গেলে ২৯ ক্লাব থেকে বেতন পাবেন লিওনেল মেসি!

0
141

২০২২-২৩ মৌসুম শেষের পথে। এখন পর্যন্ত ঠিক হয়নি সামনের মৌসুমে কোথায় যাচ্ছেন বিশ্বজয়ী ফুটবলার লিওনেল মেসি। বিশ্বকাপ চলাকালে পিএসজির সঙ্গে নতুন চুক্তির কথা শোনা গেলেও এখন তা না হওয়ারই সম্ভাবনা বেশি। তাহলে কোথায় যাচ্ছেন মেসি? পিএসজিতেই থাকছেন নাকি আবারও ঠিকানা বদল করবেন লিও? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। সবার দৃষ্টি এখন তার দিকে।

অনেকেই ধরে নিয়েছেন পিএসজির সঙ্গে নতুন চুক্তি করছেন না মেসি। এলএমটেনের পিএসজি ছাড়ার বিষয়টিকে সামনে রেখে তাকে দলে ভেড়াতে ইতোমধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। যে তালিকায় নাম লিখিয়েছে ইতালিয়ান ক্লাবও। জোর গুঞ্জন মেসি আবারও ফিরছেন বার্সেলোনায়। তবে সেখানে যেতে কমপক্ষে তিনটি শর্ত মানতে হবে ক্ষুদে জাদুকরকে। বার্সাতে না হলে যেতে পারেন চির প্রতিদ্বন্দ্বী রোনালদোর মতো সৌদি আরবে। আর তৃতীয়ত যেতে পারেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে।

বিশ্বসেরা ফুটবলারকে পেতে এমন পরিস্থিতিতে মেসিকে কিনতে নাকি একজোট হয়েছে মেজর সকার লিগে খেলা ২৯টি ক্লাব। তারা যৌথভাবে নাকি সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রে মেসি যে ক্লাবেই খেলুক না কেন তার বেতন দিবে ২৯টি ক্লাবের সকলে মিলে।

সংবাদপত্র স্পোর্টস এর বরাত দিয়ে জনপ্রিয় ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোলডটকম জানিয়েছে, মেসিকে সই করাতে মরিয়া আমেরিকার ক্লাব ইন্টার মায়ামি। মেজর সকার লিগে খেলা আরও কয়েকটি ক্লাব আগ্রহ দেখিয়েছে লিওর প্রতি। এই পরিস্থিতিতে মেসিকে কিনতে যে পরিমাণ টাকার দরকার তা জোগানোর জন্য হাত মেলাতে পারে এই লিগে খেলা ২৯টি ক্লাব। তারা সবাই মিলে মেসির বেতনের টাকা দেবে। তার পর মেসি ঠিক করবেন তিনি এই ২৯টি ক্লাবের মধ্যে কোনটিতে খেলবেন। মায়ামি ছাড়া সেই দৌড়ে রয়েছে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস ও আটলান্টা।

এদিকে, মেসিকে নিতে আগে থেকেই তোড়জোড় চালানো ইন্টার মিয়ামির কোচ ফিল নেভিল বলেছেন, ‘আমি একবারও বলছি না মেসিকে নিতে চাই না। আমরা বিশ্বের সেরা ফুটবলারদের নিতে চাই। সেই তালিকায় মেসি ও সার্জিও বুস্কেটস রয়েছেন। এই ধরনের ফুটবলাররা মেজর সকার লিগে এলে লিগের চেহারাই বদলে যাবে।’

মেসির সঙ্গে পিএসজির সম্পর্ক ভালো যাচ্ছিল না। এর মধ্যেই ক্লাব মালিক নাসের আল খেলাইফি বলেছেন, মেসি ও এমবাপেদের তিনি ছাড়ার মতো ভুল করতে চান না। চ্যাম্পিয়ন্স লিগে আশানুরূপ সাফল্য না পেলেও তাদের আপাত লক্ষ্য লিগ শিরোপা জয়। তবে পরবর্তী মৌসুমে নতুন লক্ষ্য নিয়ে তার দল চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here