ফুলবাড়ীতে তিন মাংস ব্যবসায়ীকে জরিমানা

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ভোক্তার সাথে প্রতারণার অপরাধে অভিযান চালিয়ে তিন মাংস বিক্রেতাকে ৭ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করেছে দিনাজপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১১টায় থেকে দুপুর ১টা পর্যন্ত ফুলবাড়ী পৌর এলাকার বিভিন্ন স্থানে বসা গরু ও ছাগলের মাংস বিক্রির দোকানে গিয়ে অভিযান পরিচালনা করেন দিনাজপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

এসময় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অপরাধে পৌর সেডের মাংস বিক্রেতা নূরুল ইসলামকে ১ হাজার টাকা, আব্দুল কাইয়ুমকে ৩ হাজার টাকা এবং আব্দুল আলিমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিভিন্ন কাঁচা বাজার ও মাংসের দোকান পরিদর্শনসহ সতর্ক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন দিনাজপুর নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মুশফিকুর রহমান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জগদীশ চন্দ্র মহন্ত, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কম্পিউটার অপারেটর এরশাদ আলীসহ থানা পুলিশের সদস্যরা।

দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় ফুলবাড়ী শহরের বিভিন্ন স্থানে কাঁচা বাজার ও মাংসের দোকানে অভিযান চালানো হয়। মাংসে পানি দিয়ে ওজন বাড়িয়ে ভোক্তার সাথে প্রতারণার অপরাধে তিন মাংস বিক্রেতাকে ৭ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *