ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান বলেছেন, শুধু রিল কিংবা পর্দায় নয়, রিয়েল লাইফেও যারা সত্যের পক্ষে থেকে লড়াই করেন, প্রতিবাদ করেন- তাদেরই জয় হয়। আজকেও আমাদের জয় হলো। যারা অসত্য ভিত্তিহীন অভিযোগ নিয়ে এসেছিলো, তারা কিন্তু পালিয়ে গেছে।’
আজ (২৩ মার্চ) তার গুলশানের বাস ভবনে বিকেল ৫টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানেই তিনি এসব কথা বলেন।
ডিবি অফিস ও আদালতে যাওয়ার বিষয় উল্লেখ করে শাকিব বলেন, ‘আমার বিরুদ্ধে যে অসত্য অভিযোগগুলো আনা হয়েছে, সেগুলো নিয়ে ডিবি অফিসে গিয়েছি। সেখানে ডিবি প্রধান হারুন সাহেবের সাথে কথা বলেছি। আজকে মহামান্য আদালতে গিয়েছি। তারা আমার মামলাটিকে গুরুত্বের সঙ্গে দেখছেন। তারা আশ্বাস দিয়েছেন, উদ্দেশ্যপ্রণোদীত এই ঘটনার পেছনে আর কারা কারা আছে তদন্তে সব বেরিয়ে আসবে।’
এসময় এই চলচ্চিত্রভিনেতা আরও বলেন,’অভিনেতার বাইরে আমিও একজন মানুষ, আমারও পরিবার আছে। সন্তান আছে। আত্মীয় স্বজন আছে। তাদের কাছে মাথা উঁচু করে এখন কথা বলতে পারছি। কিন্তু শুরুতে যখন অভিযোগগুলো আনা হয়, আমি বারবার বলছিলাম, এটা একটা ট্র্যাপ ছিলো। যা অস্ট্রেলিয়াতেই শেষ হয়ে গেছে। কিন্তু নানা রকম বিভ্রান্তিমূলক সংবাদের কারণে আমার পরিবারও দুশ্চিন্তায় ছিলো। পরিবারে মুখ দেখাতে কষ্ট হয়েছে। অন্যায়টা আমি করিনি, অন্যায়টা আমার সাথে হয়েছে।’
শাকিব বলেন, ‘এই হেসেল, এটা সহ্য করার ক্ষমতা কারও থাকে না। কিন্তু আমার মনে হয়েছে, রিল লাইফে আমি যেমন প্রতিবাদী, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করি- রিয়েল লাইফেও আর মুখ বুজে সহ্য করবো না। এজন্যই সেদিন বলেছি, বোবা সেজে থাকার আর সময় নেই। মন সাঁয় দেয় না, তিন চারদিন ধরে কারও ঘুম নাই; তবুও ভিড় ঠেলে আজ আদালতে হাজির হয়েছি।’
দেশের শিল্পী কলাকুশলীদের উদ্দেশ্যে শাকিব বলেন, শিল্পীদের বিরুদ্ধে প্রায় সময় দেখি এসব অন্যায় অভিযোগ। আমি তাদের একটা বার্তা দিতে চাই, এসব আর সহ্য করো না। একটু হেসেল হলেও তা সহ্য করে প্রতিবাদ করো। দেশে আইন আছে, প্রশাসন আছে- বিচারটা পাবে।
