রহমত উল্লাহ দেশের লাখো-কোটি মানুষের সঙ্গে প্রতারণা করেছে: শাকিব

প্রযোজক রহমত উল্লাহকে ভুয়া ও বাটপার আখ্যা দিয়ে চিত্রনায়ক শাকিব খান বলেছেন, বাটপার রহমত উল্লাহ শুধু আমার সঙ্গে প্রতারণা করেনি, গোটা চলচ্চিত্রের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। আমাকে পছন্দ করে এমন দেশের লাখো-কোটি মানুষের সঙ্গে প্রতারণা করেছে।

রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শাকিব খান বলেন, রহমত উল্লাহ প্রযোজক না, তার সঙ্গে আমার কিংবা পরিচালকের কোনো চুক্তি নেই। এতো বছর পর প্রতারক রহমত উল্লাহ যে অভিযোগটা নিয়ে এলেন তার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। আমার লিগ্যাল টিম সব তথ্য-প্রমাণ সংগ্রহ করে, তাদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি বলেন, সে ভুয়া সংবাদগুলো সবার মধ্যে ছড়িয়েছে। আমার মনে হয় শুধু রহমত উল্লাহ একা ছিল না, রহমত উল্লাহর পেছনে আরো অনেক লোক ছিল। না হলে এই বাটপার রহমতুল্লাহ এফডিসির ভেতরে গিয়ে আমাদের তিন থেকে চারটি ভাইটাল অ্যাসোসিয়েশনের কাছে প্রযোজক সেজে ভুয়া তথ্যগুলো দিয়ে, ভুয়া বিচার চেয়েছে। এবং আপনাদের মিডিয়ার কাছে কিন্তু বারবার একটি কথাই বলছে আমাকে টাকা দিয়ে দিক, আমি চলে যাব। আমাকে টাকা দিয়ে দিক, আমি উইথড্র করে নেব।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আচরণে ক্ষোভ প্রকাশ শাকিব বলেন, প্রতারক, বাটপার রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করার জন্য গুলশান থানায় গিয়েছিলাম। অনেক চেষ্টার পরও, অনেক বুঝানোর পরও ওসি সাহেব মামলাটি নিলেন না। তিনি বললেন, আপনি যেখানে খুশি গিয়ে অভিযোগ করতে পারেন, যে আমি আপনার মামলাটা নিলাম না। আমি সেখান থেকে বেরিয়ে আসলাম।

তিনি বলেন, গতকালকে থানা এই যে গড়িমসিটা করলো, গতকাল রাতে মামলাটা নিলো না। সাধারণ নাগরিক হিসেবে আমি থানায় গিয়ে মামলা করতে পারবো না, এইটা আমার কাছে খুব আশ্বচর্যজনক মনে হয়েছে।

শাকিব খান বলেন, গতকাল রাতে গুলশান থানার ওসি ও অন্যান্য অফিসারদের কার্যকলাপ দেখে আমার মনে হয়েছে, তারা প্রতারককে রহমকে দেশ ছেড়ে পালিয়ে যেতে সহযোগিতা করছে কি না। আমার কাছে এটা সন্দেহজনক মনে হচ্ছে।

তিনি বলেন, আমাদের ডিবি যেকোনো মামলা বা অভিযোগ দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করে। সেজন্য ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন-অর রশিদের সঙ্গে কথা বলি এবং এসে দেখা করেছি। তিনি দীর্ঘসময় নিয়ে আমার সব কথা শোনেন। তিনি সব বিষয়গুলো খতিয়ে দেখেছেন। তিনি আমাকে আশ্বস্ত করছেন এই প্রতারককে যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে আসবেন। আমি আশ্বস্ত হয়েছি এবং আমার বিশ্বাস অন্যসব ঘটনার মতো আমার অভিযোগের বিষয়টিও দ্রুততার সঙ্গে ডিবি নিষ্পত্তি করবে। আমি ডিবির কাছে লিখিত অভিযোগ করেছি, ডিবি তা গ্রহণ করেছে। আমার বিশ্বাস ডিবি আমার এই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *