জীবনের চরম বাজে দিনে সর্বোচ্চ পুরস্কারটাই পেয়েছি: মাহি

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় ৬ ঘণ্টা কারাভোগের পর মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শনিবার (১৮ মার্চ) রাত পৌনে ৮টার দিকে গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

মুক্তির পর মাহিয়া মাহি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করেছেন। ওই লাইভে এসে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। পুরো লাইভে তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৩ মিনিট ৪৫ সেকেন্ডের লাইভে মাহিয়া মাহি বলেন— ‘আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকে বিকাল ৪টার সময় জামিন হয়েছে এবং আমি বের হয়েছি। আজকের দিনটা আমার জীবনের সর্বোচ্চ রকমের বাজে দিন ছিল, কিন্তু আমার জীবনের চরম বাজে দিনে আমি আমার সর্বোচ্চ পুরস্কারটার পেয়েছি, আমি সর্বোচ্চ সম্মানিত হয়েছি।’

তিনি বলেন, ‘আজকের এই দিনে এত বড় বিপদে যেখানে আমাকে রক্ষা করার কেউ ছিল না, সেই দিন আমাকে মায়ের মতো স্নেহ দিয়ে যিনি আমাকে আগলিয়ে রাখলেন, যিনি আমাকে সেইফ করলেন, যার নির্দেশে আমি আজকে ন্যায় বিচার পেয়েছি, আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যে কত ভালো মানুষ, তার অন্তরটা যে কত পবিত্র, তিনি যে কত মায়ের মতোন, আমি এটা বুঝাতে পারব না। আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ।’

এর আগে বেলা ১১টার দিকে বিমানবন্দর এলাকা মাহিকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারের পর তাকে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে (সিএমএম) পাঠানো হয়। বিচারক রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *