Home বিনোদন অবশেষে মুখ খুললেন কাজী হায়াৎ, করলেন ক্ষোভ প্রকাশ

অবশেষে মুখ খুললেন কাজী হায়াৎ, করলেন ক্ষোভ প্রকাশ

0
155

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহিকে এভাবে হুড়োহুড়ি করে অ্যারেস্ট করে নিয়ে যাওয়াটা ব্যক্তিগতভাবে সমীচীন মনে করেননি বলে জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও দেশের গুণী পরিচালক কাজী হায়াৎ।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘মাহি একজন শিল্পী। সে যদি আইন অমান্য করেও থাকে, তার জন্য একটু মার্সি থাকা উচিত ছিল। তাকে অন্তত কোর্টে হাজিরা দেওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল। এভাবে এয়ারপোর্ট থেকে একেবারে বন্দী করে নিয়ে যাওয়াটা মোটেও ঠিক হয়নি। সে প্রেগন্যান্ট—এই মানবিক দিকটাও অন্তত বিবেচনা করা উচিত ছিল।’

ক্ষুব্ধ কাজী হায়াৎ আরও বললেন, ‘এয়ারপোর্ট থেকেই মাহিকে অ্যারেস্ট করে নিয়ে যেতে হবে, এই ধরনের কোনো পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি। সে তো পালিয়ে যাচ্ছে না। সে তো তার দেশেই আসছে নাকি। তার সঙ্গে পরে কথা বলতে পারে, “ম্যাডাম, আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে। আপনি যদি না যান, তাহলে অ্যারেস্ট করব। আপনি চলেন, আমাদের সঙ্গে আদালতে কিংবা পুলিশের কাছে।” এভাবে তাঁকে হুড়োহুড়ি করে অ্যারেস্ট করে নিয়ে যাওয়াটা আমি ব্যক্তিগতভাবে সমীচীন মনে করিনি। মানবিক দিক থেকেও সঠিক হয়নি।’

কথায়–কথায় কাজী হায়াৎ ডিজিটাল সিকিউরিটি আইন নিয়েও কথা বললেন। তিনি বললেন, ‘আমার মতে, সংবিধানের ৩৯–এর (ক) ধারায় ব্যক্তিগত মতপ্রকাশের অধিকার দেওয়া হয়েছে। বাক্‌স্বাধীনতা দেওয়া হয়েছে। সেই ৩৯ ধারা অনুযায়ী সব আইন হতে হবে। সেই ৩৯ ধারা অমান্য করে কোনো আইন আমার কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। এখন যাঁরা বিশেষজ্ঞ, সংবিধানবিশেষজ্ঞ—তাঁরা এগুলো বিবেচনা করবেন যে ৩৯–এর ধারা অনুযায়ী এই আইন হয়েছে কি না।’

২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। এরপর ক্রমশ সিনেমা থেকে দূরে সরে গেছেন তিনি। কিছুদিন আগে সক্রিয়ভাবে নেমেছেন রাজনীতির মাঠে। এমনকি এমপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে দৌড়ঝাঁপ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন পাননি।

সম্প্রতি তিনি ওমরা করতে স্বামীর সঙ্গে সৌদি আরব গিয়েছিলেন। সেখান থেকেই শুক্রবার (১৭ মার্চ) ভোরে ফেসবুক লাইভে এসে অভিযোগ তোলেন, গাজীপুরে অবস্থিত তাদের গাড়ির শো-রুমে হামলা-ভাঙচুর চালানো হয়েছে। ওই ঘটনায় স্থানীয় পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগও তোলেন তারা। এদিন রাতেই মাহি-রকিবের বিরুদ্ধে মামলা দায়ের করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

সেই সূত্রে আজ শনিবার সকাল ১১টায় দেশে ফেরা মাত্রই মাহিকে গ্রেফতার করা হয়। পরে ৬ ঘন্টা কারাভোগের পর মুক্ত হন এই চিত্রনায়িকা। শনিবার রাত ৭ টা ৫০ মিনিটে গাজীপুর জেলা কারাগার থেকে বের গাড়িয়ে উঠতে দেখা যায় তাকে। এ সময় শুভাকাঙ্ক্ষীরা নায়িকার মাথায় ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here