শাকিব খান ইস্যুতে মুখ খুললেন নায়িকা নিপুণ

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে ভয়ংকর সব অভিযোগ নিয়ে চর্চিত হচ্ছে সর্বত্র। বুধবার (১৫ মার্চ) বিকালে নির্মাণাধীন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক তার নামে গুরুতর সব অভিযোগ দায়ের করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দফতরে।

তিন পৃষ্ঠার সেই লিখিত অভিযোগে শাকিব খানের বিরুদ্ধে তুলে ধরা হয়েছে ঢালিউড ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সব তথ্য। এর আগে কোনও শীর্ষ তারকার বিরুদ্ধে এমন অভিযোগ এভাবে কাগজে-কলমে এর আগে উঠে আসেনি।

ফলে বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছেন ঢালিউড অংশীজনরা। অপেক্ষায় আছেন শাকিব খানের প্রতিক্রিয়ার। আরও অপেক্ষা শিল্পী সমিতির সিদ্ধান্তের।

যথারীতি শাকিব খান এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি। যেমনটা তিনি আগেও বিবিধ অভিযোগের সময় নীরবতায় ছিলেন। কিন্তু এমন অভিযোগের বিপরীতে সংগঠন তো আর একই ভূমিকায় থাকার সুযোগ নেই। যদিও সমিতির সভাপতি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে।

না, বিষয়টি নিয়ে খুব একটা লুকোচুরিতে যাননি সমিতির দ্বিতীয় নেতা সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। বুধবার (১৫ মার্চ) রাতে নিপুণ আক্তার সংবাদমাধ্যমকে বেশ স্পষ্ট ভাষাতেই বললেন, ‘যে কেউ সমিতিতে অভিযোগ দিতে পারেন। এটাও তেমনই একটি অভিযোগ। আমরা সেটা রিসিভ করেছি। আপনারা জানেন, আমাদের সভাপতি এখন দেশের বাইরে। তিনি দেশে আসলেই আমরা বিষয়টি সাংগঠনিক টেবিলে বসে পর্যালোচনা করবো। আমরা শাকিব খানের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করবো। পুরো বিষয়টি বোঝার চেষ্টা করবো।’

কিন্তু সেটি কবে নাগাদ। সমিতির সভাপতি দেশের বাইরে থাকলেও শাকিব খান কিন্তু ঢাকাতেই আছেন। এমন ভয়ংকর অভিযোগ থেকে তো সাংগঠনিক দায় মুক্তিরও বিষয় থেকে যায়। কারণ, পুরো বিষয়টি বেশ স্পর্শকাতর। এবং এটির সঙ্গে দেশ তো বটেই, জড়িয়ে রয়েছে বিদেশও।

নিপুণ আক্তার জানান, ৫ দিনের মধ্যে সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন দেশে ফিরছেন। তিনি ফিরলেই বিষয়টি নিয়ে কাজ শুরু করবেন।

তার ভাষায়, ‘আমাদের সভাপতি দেশে আসবেন ৫ দিনের মধ্যেই। আমি যতদূর জানি। তিনি আসলেই আমরা আগে আর্টিস্টের সঙ্গে কথা বলবো। তিনি আমাদের একজন সুপারস্টার। আমরা তার সঙ্গে পুরো বিষয়টি আলাপ করবো। অভিযোগের সত্যতা যাচাই করবো। মোট কথা আমরা আমাদের আর্টিস্টকে প্রায়োরিটি দেবো। এরপর যিনি অভিযোগ করেছেন, তার সঙ্গেও কথা বলবো। তারপর একটা সাংগঠনিক সিদ্ধান্ত দেওয়া যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *