নববধূকে ঘরে তোলা হলনা সুবেদের

এম. এ মুহিত, নবীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুবেদ আলম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুবেদ আলম (৩৫) উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লালাপুর গ্রামের মৃত ইরফান উল্লাহ’র ছেলে ।

জানা যায়- গত রবিবার (০৫ মার্চ) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে আকদ সম্পন্ন হয় সুবেদ আলমের। কিছুদিন পর আনুষ্ঠানিক ভাবে নববধূকে ঘরে তোলার কথা ছিল। মোটরসাইকেল দুর্ঘটনায় মহাসড়কে সুবেদের স্বপ্নের সলিল সমাধি হয়।

শুক্রবার বিকেলে মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গল শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন সুবেদ। পথিমধ্যে ফুলতলী বাজারে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী সুনামগঞ্জ এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এসময় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী সুবেদ। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এসময় ১ ঘন্টা মহাসড়কের যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনায় কবলিত বাস ও মোটরসাইকেলকে থানায় নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় সুবেদ আলমের মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

এআই 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *