আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১-এর আসর। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশেষ অতিথি থাকবেন হাসানুল হক ইনু (এমপি) এবং সভাপতিত্ব করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এই অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তার একই মঞ্চে পারফর্ম করবেন।
জানা গেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। প্রায় এক ঘণ্টা দৈর্ঘ্যের সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন বিটিভির মহাপরিচালক ড. সৈয়দা তাসমিনা আহমেদ (অতিরিক্ত)। পুরস্কার দেওয়ার পর হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে জায়েদ খান-নিপুণ আক্তার ছাড়াও থাকছেন অপু বিশ্বাস, পূজা চেরী, প্রার্থনা ফারদিন দীঘি, তমা মির্জা, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাইমন সাদিক, ইমন, নিরবের পরিবেশনা।
‘বেদের মেয়ে জোস্না আমায় কথা দিয়েছে’, ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘পীচ ঢালা এই পথটারে ভালোবেসেছি’সহ একাধিক গানের সঙ্গে নৃত্যে অংশ নেবেন তারকা এই শিল্পীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করবেন চলচ্চিত্রের দুই তারকা ফেরদৌস আহমেদ ও নুসরাত ফারিয়া।
২০২১ সালে চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেওয়া হবে শিল্পীদের। সেই সঙ্গে মুজিববর্ষের বিশেষ চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। এ ছাড়া এবার যৌথভাবে আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন ও ডলি জহুর।
