বিস্ফোরণে বিএনপি জড়িত কি-না খতিয়ে দেখা হচ্ছে: ওবায়দুল কাদের

দেশে একের পর এক বিস্ফোরণের ঘটনা নাশকতা কিনা প্রধানমন্ত্রীর নির্দেশে গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই সময়ে এই ধরনের ঘটনাকে রহস্যজনকও মনে করছেন তিনি।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মহানগর, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাদের এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন। বুধবার (৮ মার্চ) সকালে বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে যৌথ সভাটি অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন দেশের কাজে বাইরে ঠিক সেই সময় কয়েকটি অনভিপ্রেত ঘটনা ঘটনা ঘটে গেছে। এটা নাশকতা কিনা, স্বাভাবিক দুর্ঘটনা অথবা নাশকতা, সেটা সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এই নিয়ে কারো মাথা ব্যথার প্রয়োজন নাই। মির্জা ফখরুল হুট করে একটা বিবৃতি দিয়েছেন। তার বিবৃতির ভাষা হচ্ছে যে, এ ধরনের একের পর এক ঘটনার রহস্যজনক। আমরা তার সঙ্গে একমত। দেশে এ ধরনের ঘটনা রহস্যজনক। এই রহস্যের ভেতরের বিষয়টি কী সেটা আমাদের খতিয়ে দেখতে হবে।

তিনি আরো বলেন, আন্দোলনে ব্যর্থতা যাদের, তারা এখন আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার পথ খুঁজছে কিনা, নাশকতার পথে হাঁটছেন কিনা সেটাও আমাদের খতিয়ে দেখতে হবে। সেটা আমরা খতিয়ে দেখছি।

সেতুমন্ত্রী বলেন, গুলিস্তানের সিদ্দিকবাজার, চট্টগ্রামে সীতাকুণ্ড, কক্সবাজারের বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে যে অগ্নিসংযোগের ঘটনা, এতে যারা মারা গেছেন, তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। এসব রহস্যজনক ঘটনার পেছনের কোনো ব্যক্তি, সংস্থা বা দলের সংশ্লিষ্টতা আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। নাশকতামূলক ঘটনা ঘটানো হচ্ছে কিনা তা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা খতিয়ে দেখছেন।

তিনি বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হলে আগুন সন্ত্রাসে লিপ্ত হয়। এই ব্যাপারে আমরা সর্তক আছি।

উল্লেখ্য, গত শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের কদমরসুল এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাতজন নিহত হন এবং ৩০ জন গুরুতর আহত হন।

এরপর রোববার রাজধানীর সায়েন্সল্যাবের শিরিন ম্যানসনের বিস্ফোরণে ৩ জন নিহত হন। এর একদিন পর মঙ্গলবার রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *