পবিত্র শবে বরাত বা লাইলাতুল বরাত আজ মঙ্গলবার। ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় নফল ইবাদতের মধ্যদিয়ে আজকের রাতটি অতিবাহিত করবেন।
মুসলমানদের জন্য শবে বরাত হচ্ছে হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ রাত। এই রাতকে ভাগ্যরজনী বলা হয়ে থাকে।
তাই তো এমন তাৎপর্যপূর্ণ দিনটির কথা স্মরণ করে এর করণীয় তুলে ধরলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এদিন সন্ধ্যায় ছেলে আব্রাহাম খান জয়ের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ছবিতে জয়কে দেখা যায়, সাদা জুব্বা-পাজামা, টুপি ও সবুজ পাগড়ীতে।
শেয়ার করা ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, শবে বরাত আজ ২২ ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ, ৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ শাবান, ১৪৪৪ হিজরি, মঙ্গলবার, বসন্তকাল।
তিনি আরও লিখেছেন, আজকের রাতকেই শবে বরাত বলা হয়, আজকের রাতে মহান রব্বুল আলামিন প্রথম আসমানে এসে ফজর পর্যন্ত বান্দাদের ডাকতে থাকেন আর বলতে থাকেন কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেবো। কে আছো আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দান করবো। এভাবে করে বিভিন্ন বিষয় উল্লেখ করে আল্লাহ-তায়ালা ডাকতে থাকেন। সুবহানআল্লাহ।
অপু বিশ্বাস শবে বরাত রাতে কী কী করতে হবে তা উল্লেখ করে পোস্ট লিখেছেন, এ রাতে করণীয়- রাত জেগে নফল নামাজ, তাসবিহ তাহলিল, কুরআন তিলাওয়াত, সালাতুত তাসবিহর নামাজ, দোয়া ইস্তেগফার ও কবর জিয়ারত করা, পরদিন রোজা রাখা। আল্লাহ-তা’য়ালা আমাদের সকলকে শবে বরাতের উসিলায় পূর্ণ ক্ষমা করেন এবং এর বরকত দান করেন… আমিন..!
