Home আলোচিত বলিউডে জন্ম নিলে দীঘি করণ জোহরের সিনেমা করত: ফারিয়া শাহরিন

বলিউডে জন্ম নিলে দীঘি করণ জোহরের সিনেমা করত: ফারিয়া শাহরিন

0
578

বাংলাদেশে জন্ম নেওয়ায় পিছিয়ে আছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তবে ভারতে জন্ম নিলে বা বলিউডের স্টারকিড হলে করণ জোহরের মতো নির্মাতার সিনেমায় কাজ করতেন বলে মন্তব্য করেছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন।

লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগতা থেকে শোবিজে নাম লেখান ফারিয়া শাহরিন। সম্প্রতি শেষ হওয়া ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজের অন্তরা চরিত্রে অভিনয় করে বেশ আলোচনায় এসেছেন তিনি।

দীঘিকে নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমরা হয়তো অনেকেই জানি না দীঘির মা-বাবা দু’জনই সিনেমার তারকা। তার মা (অভিনেত্রী দোয়েল) এক সময় সিনেমার নায়িকা ছিলেন। কিন্তু তিনি এখন নেই (মৃত্যু হয়েছে তার)। একজন মা যে একটা মেয়ের বেড়ে উঠায় কতটা প্রয়োজনীয় সেটা আমরা সবাই জানি। বাবারাও করেন কিন্তু মায়ের মতো দিক-নির্দেশনা কেউ করতে পারেন না। মা তো মা-ই।’

ফারিয়া বলেন, ‘সঠিক দিক-নির্দেশনার অভাবে দীঘি নিজেই যা পেরেছে, যতটুকু পেরেছে করেছে বা করে। তার ময়না পাখির বিজ্ঞাপনচিত্রটি সেরা। সে কোনো ব্যাকআপ ছাড়া নিজেই নিজেকে তৈরি করেছে। হয়তো অনেক কিছুই না বুঝে করেছে, যেটা আমাদের বা আপনাদের ভালো লাগেনি।’

দীঘি টিকটক করার জন্য প্রায়ই প্রশ্নের মুখে পড়েন। এ নিয়ে কয়েকবার কথাও বলেছেন তিনি। সেই টিকটক প্রসঙ্গেও কথা বলেন অভিনেত্রী ফারিয়া। বলেন, ‘এখন টিকটক করে অনেকেই ফেম পাচ্ছে বা লাইমলাইটে আসছে। এ কারণে সেটাই বেছে নিয়েছে দীঘি। একটা সিনেমায়ও হয়তো কাজ করেছে। সেটার গল্প ও নির্মাণ সম্ভবত ভালো ছিল না। আমার ধারণা ভালো পরিচালক দীঘিকে সুযোগ দিলে সে ভালো করবে।’

এদিকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যায় দীঘিকে। এ জন্য নিজেকে তৈরি করতে সময় ও প্র্যাকটিসের প্রয়োজন হয়। আবার সোশ্যালে স্বাস্থ্য নিয়ে বডি শেমিংয়েরও শিকার হয়ে থাকেন। কিছুদিন আগেই একটি সিনেমার জন্য শরীরের অতিরিক্ত ওজন ঝরিয়েছেন। ইচ্ছ-শক্তি রয়েছে বলেই এসব সম্ভব।

‘দীঘিকে অনেকে বডি শেমিং করতো। এখন অনেক ওজন কমিয়েছে সে। অর্থাৎ মেয়েটার চেষ্টা রয়েছে। এটা আমাদের প্রশংসা করা উচিত’ – বলেও মনে করেন অভিনেত্রী ফারিয়া।

সোমবার (৬ মার্চ) রাত ৯টা ২০ মিনিটের দিকে ফেসবুকে এক স্ট্যাটাসে এসব কথা বলেন ফারিয়া। অভিনেত্রীর এ অভিমতকে সুন্দর চিন্তা-ধারা দাবি করে প্রশংসা করছেন নেটিজেনরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here