দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। অভিনয়ের সঙ্গে তার সম্পর্ক প্রায় ৪০ বছরের। দীর্ঘ এই সময়ে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সব কাজ। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছেন তিনি। বেছে বেছে কাজ করেন টিভি নাটকে।
সম্প্রতি ঈদ ঘিরে কিছু কাজ করেছেন। এবার একটু সময় দিচ্ছেন নিজেকে। নতুন করে ফিরে আসার আগে স্বস্তির কিছু নিঃশ্বাস নিতে চান।
জাহিদ হাসান বলেন, ‘আপাতত জানানোর মতো কোনো কাজের আপডেট নেই। শুটিংও বন্ধ রয়েছে। বাসায় সময় কাটাচ্ছি। নিজেকে সময় দিচ্ছি। বিষয়টি বেশ ভালোই উপভোগ করছি। নতুন কাজের জন্য প্রস্তুতিও বলা যায়।’
এর আগে জাহিদ হাসান নিজেকে সার্কাসের বুড়ো হাতি দাবি করে আলোচনার জন্ম দেন। আক্ষেপ প্রকাশ করেন বয়স হয়ে যাওয়ায় অনেকেই এখন আর কাজের জন্য তাকে ডাকেন না। বিষয়টি নিয়ে সে সময় তিনি জানান, ‘আমার অবস্থা হচ্ছে সার্কাসের বুড়ো হাতির মতো। সার্কাসে অবস্থান নেই। সেজন্য মনে হয় আমাকে কেউ এখন আর ডাকে না।’
এদিকে সম্প্রতি ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের সঙ্গে নতুন একটি কাজে যুক্ত হয়েছেন তিনি। যেটি জনপ্রিয় সিরিজ ‘কাইজার’-এর দ্বিতীয় সিজন। সেখানে একটি গুরত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। তিনি বলেন, ‘এটি একটি গোছানো কাজ। মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। আশা করছি কাজটি দর্শকের মন ভরাবে।’
এ ছাড়া জানুয়ারির শুরুর দিকে বায়োস্কোপে ‘কে’ নামে একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে এই অভিনেতার। এতে তার সঙ্গে অভিনয় করেন তৌকীর আহমেদ। দুই তারকা প্রথমবার একসঙ্গে ওটিটিতে কাজ করলেন। সিরিজটি বেশ আলোচনায় আছে।
