কামরুজ্জামান বাঁধন, মির্জাগঞ্জ (পটুয়াখালী) থেকে: পটুয়াখালীর মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহাবুব আলম স্বপন (৪৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তিনি ওই ইউনিয়নের যুবলীগের সভাপতি ছিলেন। তার মৃত্যুর বিষয়টি ইউপি সদস্য মোঃ মাশকুর রহমান নিশ্চিত করেছেন।
ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ রুবেল গাজী জানান, সোমবার রাত দেড়টার দিকে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন চেয়ারম্যান মোঃ মাহাবুব আলম স্বপন। ওই রাতেই তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ কন্যা সন্তানসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
